বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে পরকীয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নির্দেশে গ্রাম ছেড়েছিল এক তরুণ ও এক কিশোরীর পরিবার। ঘটনার আট দিন পর কিশোরীর পরিবারকে গ্রামে ফিরিয়ে এনেছে পুলিশ। তবে তরুণের পরিবার এখনো ফেরেনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের একজন বিবাহিত তরুণের (২৮) সঙ্গে প্রতিবেশী এক মেয়ের (১৭) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে গত ৩০ এপ্রিল রাতে বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল দেওয়ান, সদস্য আবুল হোসেন ফকির, বাচ্চু ফকির, মতিন খলিফার নেতৃত্বে একটি বাড়িতে সালিস বসানো হয়। বৈঠকে ওই তরুণ ও কিশোরীকে মারধরের পর পরিবারসহ গ্রাম ছাড়ার নির্দেশ দেন নেতারা।
কিশোরীর বাবা বলেন, ‘গরিব বলে মোগো উপর বিচারের নামে জুলুম করা অইছে, বাব-দাদার ভিটেমাটি থাইক্কা তাড়াইছে। পুলিশ মোগো বাড়িতে আনছে। তয় এ্যাহনো মোগে হুমকি দেওয়া হয়, মোরা ভয়ের মধ্যে আছি।’
এদিকে তরুণের পরিবার গ্রাম ছাড়ার পর অন্য গ্রামে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিলেও বর্তমানে তাদের খোঁজ নেই। তরুণের এক আত্মীয় জানান, তাঁর বাড়িতে দুই দিন থাকার পর তরুণেরা চলে গেছে। এখন কোথায় আছে, তা তার জানা নেই।
মারধরের পর গ্রামছাড়া করার ঘটনায় ৪ মে ওই কিশোরী বাদী হয়ে আওয়ামী লীগের নেতাসহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করে। পুলিশ এরই মধ্যে বাচ্চু ফকিরকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে গিয়ে কিশোরীর পরিবারকে বরিশাল থেকে উদ্ধার করে ঘরে তুলে দিয়েছি এবং এলাকার লোকজনকে ডেকে আইনকে হাতে তুলে না নেওয়ার জন্য বলেছি। এ ছাড়া ছেলেটির পরিবারকেও বাড়িতে আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
৪ মে প্রথম আলোয় ‘কিশোরীর মামলা, এক সালিসকারী গ্রেপ্তার/ দুই পরিবারকে গ্রামছাড়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।