তরুণের বিরুদ্ধে বন্ধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী টেক এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে লাল মিয়া নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জাকির হোসেন নামে তাঁর এক বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। লাল মিয়া (২০) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংহচালা এলাকার হযরত আলীর ছেলে।পরিবার ও পুলিশ জানায়, লাল মিয়া চক্রবর্তী এলাকার নবী টেক্সটাইল মিলের অপারেটর ছিলেন। আর জাকির হোসেন (২২) স্থানীয় বেক্সিমকো পোশাক কারখানায় চাকরি করেন। তাঁরা গাজীপুর সদর উপজেলার চক্রবর্তীর টেক এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে জাকিরের অন্য তিন বন্ধু রাতের পালায় কারখানায় কাজ করতে চলে যান। খালি কক্ষে থাকতে ভয় পাওয়ার কথা বলে জাকির কৌশলে লাল মিয়াকে তাঁর কক্ষে ডেকে আনেন। রাতে ঘুমিয়ে পড়লে জাকির জুতার ফিতা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গতকাল শনিবার সকালে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী জাকিরকে আটক করে পুলিশে দেন। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, গ্রামের বাড়িতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে লালকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জাকির হোসেন স্বীকার করেছেন। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি হত্যা মামালা করা হয়েছে।