তরুণের যাবজ্জীবন মায়ের পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ধর্ষণের শিকার ১৩ বছরের এক শিশু নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার আড়াই বছর পর মামলার রায়ে গতকাল বৃহস্পতিবার একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক আবু সুফিয়ান ওই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মাসুদ আলী (২০) ও তাঁর মা মাছুরা বেগম (৪০)।
মাসুদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য একটি ধারায় তাঁর আরও সাত বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাসুদের মাকে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৯ জুলাই মাসুদের ধর্ষণের শিকার হয় মহল্লার ১৩ বছর বয়সী শিশু রুমি খাতুন। পরে সে মাসুদের মায়ের কাছে বিচার চাইতে গিয়েছিল। মা মাছুরা বেগম তাকে উল্টো অপমান করে বিষ খেয়ে মরতে বলেন। অপমান সহ্য করতে না পেরে বাসায় গিয়ে রুমি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।