তরুণের সাহসিকতায় বাঁচল পাঁচ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান মিয়া
শাজাহান মিয়া

রান্নাঘরে বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলছিল আগুন। বাড়ির ভেতর থেকে আসছিল আটকে পড়া ব্যক্তিদের আর্তনাদ। ঘটনাস্থলে ছুটে এসেছিল অনেকেই। তবে একজন বাদে সবাই অনেকটা অসহায়ের মতো দাঁড়িয়ে। তিনি শাজাহান মিয়া।
জীবনের ঝুঁকি আছে জেনেও প্রতিবেশী শাজাহান (৩০) ওই বাড়ির ভেতরে ঢুকে পড়েন। একে একে দগ্ধ পাঁচজনকে বাইরে বের করে আনেন। তিনি বলেন, ‘আটকে পড়াদের আর্তচিৎকারে আমি স্থির থাকতে পারি নাই। ফটক ভাইঙ্গা ভেতরে ঢুকতে না পাইরা মইয়ের সাহায্যে বাড়ির ছাদে উঠি। শরীরে ভিজা ছালা জড়াইয়া ভেতরে ঢুইকা পাঁচজনকে বাইর কইরা আনি।’
পেশায় ইজিবাইক চালক শাজাহান সাভারের ভাগলপুর এলাকায় ভাড়ায় থাকেন। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। এক মেয়ে ও এক ছেলে আছে তাঁর। শাজাহান জানালেন, এর আগে ২০১৩ সালের এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ধসে পড়লেও তিনি উদ্ধার অভিযানে অংশ নেন। সেখান থেকে তিনি ১১ জনকে জীবিত উদ্ধার করেছিলেন।

সাভারের ভাগলপুরে গত শুক্রবার দিবাগত গভীর রাতের ওই অগ্নিকাণ্ডে এ পাঁচজন দগ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন দুজন রওশন আলী ও তাঁর স্ত্রী খায়রুন নেসা। দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজনের  একজন মেহেরুন্নেছা বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বিকট শব্দে তাঁর ঘুম ভাঙে। মুহূর্তেই আগুনের হলকা তাঁর কপালে লাগে। দরজা খুলে বের হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু দেখতে পান, পুরো বাড়িতে আগুনের লেলিহান শিখা। এরপর আর কিছু মনে নেই তাঁর।

পুলিশ জানায়, গভীর রাতে বিকট শব্দে ওই বিস্ফোরণে পুরো এলাকাই কেঁপে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তাঁরা ভেতরে ঢুকে রওশন ও খায়রুনের লাশ উদ্ধার করেন।