তরুণের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার লোকজন এক তরুণের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোট্টি ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷
রুবেল কাজী নামের ওই তরুণকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রুবেল ওই গ্রামের মৃত বাদশা কাজীর ছেলে৷
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বাদশা কাজীর মেজো ছেলে সদর উপজেলা প্রজন্ম মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি একরাম কাজীর সঙ্গে গোট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিহারউদ্দিন মাতুব্বরের বিরোধ চলে আসছিল৷ একরামের ছোট ভাই রুবেল বিরোধ এড়াতে পাশের ভাওয়াল গ্রামের শ্বশুরবাড়িতে বাস করছেন৷ গত শুক্রবার বিকেলে রুবেল তাঁর শ্বশুরবাড়ি থেকে পাশের নারানদিয়া গ্রামে যাচ্ছিলেন৷ এ সময় তিহারউদ্দিনের লোকজন রুবেলকে ধরে নিয়ে বড় লক্ষ্মণদিয়া গ্রামের একটি কাঁঠালবাগানে নিয়ে যায়৷ সেখানে তারা রুবেলকে বেধড়ক পিটিয়ে দুই পা ও ডান হাত ভেঙে দেয়৷ এরপর ডান পায়ের রগ কেটে দিয়ে রুবেলকে নারানদিয়া সেতুর নিচে ফেলে রেখে চলে যায়৷ ভয়ে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করেননি৷ পরে পুলিশ গিয়ে রুবেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে৷
রুবেলের ভাই একরাম কাজী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা তিহারউদ্দিনের সাথে আমাদের পারিবারিক বিরোধ চলছে৷ এর জের ধরে আমার ছোট ভাইকে তিহারউদ্দিন তার লোকজন দিয়ে দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে এবং ডান পায়ের রগ কেটে ফেলেছে৷’ অভিযোগ অস্বীকার করে তিহারউদ্দিন মাতুব্বর বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মণদিয়া গ্রামের এক তরুণের রগ কেটে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি৷ তবে এ ঘটনার সাথে আমি বা আমার কোনো কর্মী জড়িত নয়৷’
গতকাল বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ আহত রুবেলকে উদ্ধার করে৷ এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ এজাহার দেয়নি৷