তরুণেরা আগলে রাখলেন ‘নির্দলীয় গণমঞ্চ’
জামায়াত-শিবির ও ধর্মভিত্তিক দলগুলোর তাণ্ডবের মুখেও গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণেরা দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে রক্ষা করেছেন খুলনার শিববাড়ী মোড়ের ‘নির্দলীয় গণমঞ্চ’। সব ভয় তুচ্ছ করে প্রায় অর্ধশত তরুণ গণমঞ্চে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল এবং ইসলামি দলগুলোর কর্মীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলের বিকট শব্দে শিববাড়ী এলাকা কেঁপে ওঠে। পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। কিন্তু এ সময় গণমঞ্চে চলছিল তারুণ্যের জয়গান। গণমঞ্চের তরুণদের গগনবিদারী স্লোগান চলতে থাকে। ধীরে ধীরে নানান বয়সের মানুষ দলে দলে সমবেত হতে থাকেন শিববাড়ীর গণমঞ্চে। কিছুক্ষণের মধ্যে শত শত মানুষ জড়ো হন। সবার কণ্ঠে একই আওয়াজ— ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর’।নির্দলীয় গণমঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম, সদস্য আহমেদ পাশা ও অনন্ত মজুমদার বলেন, সংঘর্ষের সময় তাঁরা ৩০ জনের মতো তরুণ স্লোগান দিতে থাকেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তাঁরা প্রস্তুত।