
এখনকার তরুণেরা দেশ ও সমাজের কথা ভাবেন না—এ ধারণা ঠিক নয়৷ তাঁরা শুধু নিজের কথা নয়, দেশ ও সমাজের জন্য কিছু একটা করতে চান সব সময়৷ তরুণদের নিয়ে লিখেছেন অভিনয়শিল্পী ইরেশ যাকের৷
তরুণদের কাজকর্ম দেখতে ভালো লাগে। মজা লাগে এই দেখে যে আমরা বুড়ারা ওদের ব্যাপারে ওদের নিজেদের চেয়ে অনেক বেশি সহানুভূতিশীল। অনেক সময়ই ফেসবুকে তরুণদের প্রশংসা অথবা সমর্থন করে স্ট্যাটাস দিলে দেখি ওরা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি গালমন্দ করে। ব্যাপারটা খারাপ না। নিজের দোষ বুঝে নিজেকে আরও সংশোধন করতে চাইলে ক্ষতি কী?
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন আমরা তরুণদের অনেক ভালো ভালো কাজ কাছে থেকে দেখতে পাচ্ছি। কোনো অসুস্থ বন্ধুর জন্য সারা দিন রাস্তায় রাস্তায় টাকা তোলা থেকে শুরু করে চাওয়ামাত্রই একেবারে কোনো অচেনা কাউকে রক্ত দেওয়া৷ নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। প্রযুক্তিবিশ্বে তাক লাগানো কিছু করা। অনেক খারাপ সংবাদের মাঝে প্রতিদিন তরুণ সমাজের কোনো না কোনো কাণ্ড দেখে আশায় গর্বে বুকটা ভরে যায়।
বললে হয়তো ভুল হবে না যে আজকাল সমাজের বেশির ভাগ আশাব্যঞ্জক কাজে তরুণদেরই বেশি দেখি। তবে সব কিছুর একটা কিন্তু আছে। এই ক্ষেত্রে প্রধান কিন্তু তরুণদের সাহায্য করার ব্যাপারে প্রবীণদের অপারগতা নিয়ে। বেশির ভাগ ক্ষেত্রেই সরকার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বেশি ক্ষমতা এবং অর্থের মালিক। যেই ফেসবুককে তরুণ সমাজ মোটামুটি একটা মানবসেবার হাতিয়ার বানিয়ে ফেলেছে, সেই ফেসবুক বন্ধ করা ছাড়া আমি সাইবার দুনিয়ায় সরকারের আর তেমন তৎপরতা দেখিনি। শুধু সরকার নয়, আমরা যারা প্রতিষ্ঠিত, তাদের প্রায় সবাই তরুণদের সামাজিক কাজে অবকাঠামোগত সাহায্য করতে ব্যর্থ হয়েছি। এখন বলা যেতেই পারে যে তরুণেরা তো নিজের থেকেই অনেক ভালো কাজ করছে, ওদের সাহায্য দিতে গিয়ে আমরা হয়তো আরও বাগড়া দেব। ওদেরকে ওদের মতো থাকতে দাওয়া উচিত। কিন্তু সেটা ঠিক বলা হবে না।
তরুণদের আছে উদ্যম, নতুন করে ভাবার শক্তি। নতুন কিছু করার স্পৃহা। সেটাকে নষ্ট না করে ওদের বস্তুগত সাহায্য করার জায়গা নিশ্চয় আছে। ইদানীং আমি অনেক তরুণকে দেখেছি, ভালো কিছু করার জন্য ঝাঁপিয়ে পড়ে জ্ঞান, অভিজ্ঞতা অথবা অথের্র অভাবে হতাশ হয়ে যেতে। স্বপ্নের কোনো নিয়ম েনই। সুতরাং একজন তরুণ যখন ভালো কিছু করার স্বপ্ন দেখবে, তখন সেটা স্বাভাবিকভাবেই আকাশচুম্বী হবে। এখানেই আমাদের তাকে দিকনির্দেশনা েদওয়াটা জরুরি। সাহায্যের লক্ষ্য এবং উপায় দুটোই হতে হবে বাস্তবসম্মত। যদি না হয় তাহলে ব্যর্থতা ও হতাশা প্রায় নিশ্চিত। একজন তরুণের স্পৃহা যখন হতাশায় পরিণত হয়, তখন তার চেয়ে হৃদয়বিদারক আর কিছুই হতে পারে না।
গত বছর রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার পর আমি অনেক তরুণকে দেখেছি সামাজিক সাহায্যের কাজ করার ব্যাপারে উদগ্রীব হয়ে উঠতে। কিন্তু কোনো পরিবার সাহায্য করাই হোক বা ২০ জন দরিদ্র শিশুর জন্য স্কুল বানানোর কাজই হোক, একটা প্রকল্প কীভাবে শুরু করতে হয় এবং কী করে সেটাকে সফলভাবে দাঁড় করাতে হবে, সেই ব্যাপারে পরামর্শ বা আর্থিক সাহায্য করার কোনো কাঠামোই আমাদের নেই। আর কিছু না হোক, একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজ তো আমরা বানাতে পারি, যেখানে বিশেষজ্ঞরা কোনো সামাজিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করার ব্যাপারে পরামর্শ দেবেন৷ এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। তবে সঠিকভাবে করতে দৃঢ়তা এবং সংকল্পের প্রয়োজন। শুরু করে শেষ হয়ে গেলেই হবে না। তরুণেরা অনেক কিছু পারে এবং অনেক কিছু করবে। ওদের আমাদের কাছে চাওয়া অতি সামান্য। সেটা নিশ্চয় আমরা ওদের দিতে পারি।