শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সিলেটের তরুণেরা আগে বিদেশে যাওয়ার জন্য উন্মুখ ছিলেন। এ কারণে শিক্ষাক্ষেত্রে সিলেট তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। কিন্তু এখন সিলেটের তরুণেরা বিদেশমুখিতার বদলে পড়ায় মন দিয়েছেন। তাই গত তিন বছরে শিক্ষাক্ষেত্রে সিলেট অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।গতকাল সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল স্কুলে নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, আগে অনার্স পড়ার জন্য বিয়ানীবাজারের শিক্ষার্থীদের ঢাকায় বা সিলেটে যেতে হতো। কিন্তু এখন বিয়ানীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করায় তাঁদের আর অন্যত্র যেতে হবে না।সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব। শিক্ষক তমাল সেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা চক্রবর্ত্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান।