তরুণেরা বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে যেন না জড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণেরা বিভ্রান্ত হয়ে যেন সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারে সচেতন থাকতে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল সোমবার কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘একশ্রেণির বিভ্রান্ত তরুণ, এমনকি প্রভাবশালী পরিবারের সদস্যরা সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব তরুণের ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।’
সন্ত্রাস ও জঙ্গিবাদকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘তরুণেরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।’ এ সময় তিনি শিক্ষার মান নিশ্চিত করা এবং ছাত্রছাত্রীদের সময়োপযোগী শিক্ষা প্রদানের ব্যাপারে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘সবকিছুর ওপরে দেশের স্বার্থকে স্থান দেবে। সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখবে।’
আবদুল হামিদ বলেন, জনপ্রতিনিধিরা সৎ হলে সরকারি কর্মকর্তারা দুর্নীতি করার সাহস পাবেন না। দেশের সার্বিক উন্নয়নের বৃহত্তর স্বার্থে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শৈশব ও কৈশোরের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমি এখানে বড় হয়েছি। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হাওরের জনগণের সঙ্গে কাটিয়েছি। বঙ্গভবনে থাকলেও আমি সব সময় হাওরের পরিবেশ অনুভব করি।’
আবদুল হামিদ বলেন, ভৌগোলিক পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের হাওর-বাঁওড় হচ্ছে প্রান্তিক এলাকা। এখানকার জনগণকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয়। তিনি হাওর অঞ্চলের উন্নয়নে যাঁর যাঁর ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।