তরুণেরা রাজনীতিতে যুক্ত হলে নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্ম রাজনীতিতে সম্পৃক্ত হলে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করা ও সংসদীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিপিএ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। লিঙ্গসমতা ও সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণেও সিপিএ ভূমিকা রাখছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সিপিএ স্মল ব্রাঞ্চেস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শারমিন এসব কথা বলেন।

সিপিএর চেয়ারপারসন বলেন, সিপিএ সংসদীয় গণতন্ত্রের চর্চা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্মল ব্রাঞ্চেস দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে। স্মল ব্রাঞ্চেস দেশগুলো চ্যালেঞ্জ মোকাবিলা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর স্বার্থে কাজ করবে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন জীবনযাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির হুমকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। প্যারিস চুক্তির আলোকে জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

স্পিকার বলেন, দুর্নীতি প্রতিরোধে পার্লামেন্টের ভূমিকা রয়েছে। জনগণের ক্ষমতায়ন নিশ্চিতকরণে স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে সিপিএর পার্লামেন্টসমূহ কাজ করছে।

সিপিএ স্মল ব্রাঞ্চ চেয়ারপারসন ও মাল্টা পার্লামেন্টের স্পিকার অ্যাঞ্জেলো ফারুগিয়া স্বাগত বক্তব্যে বলেন, সিপিএভুক্ত ৪৩টি দেশ রয়েছে, যাদের জনসংখ্যা পাঁচ লাখের নিচে। এসব দেশকে সিপিএ এর ‘স্মল ব্রাঞ্চ’ হিসেবে গণ্য করা হয়।