দুই প্রতিবেশী দেশের সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশের ১০০ তরুণ আজ সোমবার সকালে ভারত যাচ্ছেন।
আট দিনের এ সফরে যাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের তরুণ কর্মকর্তা। প্রতিনিধিদলটি দিল্লি, আগ্রা ও বেঙ্গালুরু সফর শেষে ২৮ অক্টোবর দেশে ফিরবে।
এ সফর উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেত্রী জয়া আহসান।
ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায়। সেই চলার পথে আজকের এই তরুণেরাই আগামী দিনে দুই দেশের মাঝে সম্পর্কের নতুন সেতু রচনা করবেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণেরা যেমন ভারত সম্পর্কে জানতে পারবেন, তেমনি ভারতের মানুষও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন।
সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ। ভারতের রাজনীতি, ইতিহাস ও মানুষকে জানার সুযোগ পাবেন তাঁরা।
জয়া আহসান বাংলাদেশের তরুণদের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানান।