তরুণেরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকের একপর্যায়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক জাহানারা আলম l ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকের একপর্যায়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক জাহানারা আলম l ছবি: প্রথম আলো

তরুণেরাই দেশের প্রাণশক্তি, তারাই এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজার মতো তরুণেরাই আজ সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন। এই তরুণেরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ। তাই তরুণদের জন্য বাড়াতে হবে বিনিয়োগ। বাড়াতে হবে দক্ষতা ও কর্মমুখী শিক্ষার গুণগত মান।
গতকাল মঙ্গলবার প্রথম আলোর উদ্যোগে ও ইউএনএফপিএর সহযোগিতায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। ‘আন্তর্জাতিক যুব দিবস: আমরা রচি সমৃদ্ধ আগামী’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের নীতিনির্ধারক, শিক্ষক, ক্রীড়াবিদ ও যুবসমাজের প্রতিনিধিরা। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ দেশের যা কিছু অর্জন ও ইতিহাস, তাতে তরুণদের অবদান অনেক বেশি। বর্তমানে পাঁচ কোটির বেশি কর্মক্ষম তরুণ রয়েছে। এ মুহূর্তে যুবসমাজের ক্ষমতায়ন, কর্মসংস্থানের প্রধান মাধ্যম হতে পারে তথ্যপ্রযুক্তি। তিনি বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি হাসপাতালসহ বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে ‘ইয়ুথ কর্নার’ গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
জুনাইদ আহ্মেদ বলেন, এই তরুণেরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। রূপকল্প ২০২১-এর লক্ষ্যও তাই।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, সোনার বাংলা গড়ে তোলার জন্য তরুণেরাই মূল ভূমিকা রাখছে। তাই তাদের আরও উদ্বুদ্ধ করতে হবে। পারিবারিক শিক্ষা আরও উন্নত করতে হবে।
গ্রামে অনাবিষ্কৃত মেধার প্রসঙ্গ টেনে আরিফ খান বলেন, ক্রিকেটার মুস্তাফিজ সেই সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রাম থেকে উঠে এসেছেন। একটু সুযোগ দিলে গ্রামের এসব মেধাবীও এগিয়ে যাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তরুণদের জায়গা করে দিতে হবে। তরুণদের জন্য আরও বেশি বিনিয়োগ করতে হবে। এখানে কৃপণ হলে চলবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রশিক্ষণ দিতে হবে।
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, তরুণেরা না থাকলে একটি দেশ ওপরের দিতে যেতে পারে না। মেয়েদের এখনো নানাভাবে পেছনে রাখার মানসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো ছেলেমেয়েদের মধ্যে বিভেদ করে রাখা হচ্ছে। কিন্তু মেয়েদের গুরুত্ব দিতে হবে।
সাম্প্রতিক সময়ে শিশু হত্যায় উদ্বেগ প্রকাশ করে মাশরাফি বলেন, ‘এ নিয়ে কি কিছু করা যায় না? বাবা-মাদের আরও দায়িত্বশীল হতে হবে। সর্বোপরি বলব মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি দীক্ষা দিতে হবে, যাতে কেউ অন্যায়-অপরাধ না করে।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা l প্রথম আলো
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা l প্রথম আলো

ক্রিকেটে নারীদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক জাহানারা আলম। তিনি বলেন, এ বিষয়ে সচেতনতার জন্য গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, মেয়েদের খেলাধুলায় আসার ক্ষেত্রে অনেক সামাজিক প্রতিবন্ধকতা থাকে। কিন্তু দমে গেলে চলবে না।
মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জাতীয় কর্মসূচি কর্মকর্তা মুনির হোসেন বলেন, বাংলাদেশে পাঁচ কোটির বেশি যুবক রয়েছেন। এই যুবকদের জন্য বিনিয়োগ করতে হবে। যুব উন্নয়নে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে হবে।
শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক শ্রম সংস্থার বিসেফ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা হরিপদ দাস বলেন, শিক্ষা দিলে কর্মসংস্থান হবে, এটা প্রমাণিত। তবে শিক্ষার সঙ্গে দক্ষতা দিতে হবে, তাহলে শ্রমের উপযুক্ত মূল্য পাওয়া যাবে।
দক্ষতার অভাবে বাংলাদেশের চাকুরেরা কম মূল্য পাওয়ার প্রসঙ্গ টেনে হরিপদ দাস বলেন, যদি কোনো কাজের জন্য বাংলাদেশের চাকুরেরা ১০০ ডলার পায়, তাহলে ভারত-পাকিস্তানিরা পায় ২০০ ডলার। আর শ্রীলঙ্কানরা পায় ৩০০ ডলার। এ জন্য তিনি শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী সৃষ্টির ওপর জোর দেন।
আদর্শ ও যুক্তিভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সোনম শাহ। তিনি বলেন, যুক্তিতে পারদর্শী তরুণ সমাজ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থা যুক্তিনির্ভর করতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড এসআরএইচআর বিশেষজ্ঞ শুচি করিম মানসিক ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন ইনোভেশন ফর পভার্টি অ্যাকশনের গবেষক শাহানা নাজনীন।
জাতিসংঘের যুব উপদেষ্টা প্যানেলের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল রেজওয়ান বলেন, বলাটা সহজ, কিন্তু করাটা কঠিন। তরুণদের জন্য কিছু করতে হবে। এ ধরনের অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের তরুণদের উপস্থিত রাখার পরামর্শ দেন অ্যাকশনএইড বাংলাদেশের যুব ইউনিটির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা সামিউদ্দিন আহমেদ।
জাতিসংঘের যুব উপদেষ্টা প্যানেলের সদস্য রওনক আল জাওয়াদ ফ্রিলান্সিংয়ের জন্য অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থার ওপর জোর দেন।
তরুণদের অধিকারগুলো সম্পর্কে জানানোর পরামর্শ দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খন্দকার। এ ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।
ইউএনওয়াইএসএবির সভাপতি মোহাম্মদ মামুন মিয়া বলেন, প্রতিবছর ২০ লাখ তরুণ চাকরির উপযুক্ত হয়, সেখানে সাত লাখ চাকরি পায় না। মানবসম্পদের বিকেন্দ্রীকরণ করতে হবে।