তরুণেরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের সমস্যা নিরসনে তরুণেরা স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্নকে এগিয়ে নিতে সহায়তা করা হবে। স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।
‘আমাদের শহরের সমস্যা, আমরাই করব সমাধান’ স্লোগান নিয়ে করা আরবান ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বেসরকারি সংস্থা ব্র্যাক এই প্রতিযোগিতার আয়োজন করে।
শহরাঞ্চলের স্বাস্থ্য, পরিবহন ও কর্মসংস্থান সমস্যার কার্যকর সমাধানের উপায় উদ্ভাবন করে প্রতিযোগিতায় বিজয়ী হয় পাঁচটি দল। গতকাল রোববার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টারে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলো স্বাস্থ্যসেবায় ভূমিজ ও ব্লাডম্যান, কর্মসংস্থানে ড্রাইভার মেলা ও সার্ভিসিং ক্যাম্পাস এবং পরিবহন খাতে আমার বাইক। এ ছাড়া এ প্রতিযোগিতায় স্বাস্থ্য ক্ষেত্রে হেলথসক ও দ্য নিম স্কোয়াড, কর্মসংস্থানে ব্লু সিন্যাপস, টিম-বি ও ইউনিগিগ এবং পরিবহনে বরিশাল-১ ও স্মার্ট ট্রাফিক দল রানার আপ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ পুরস্কার পেয়েছে আইডেনটিটি ইনক্লুশান।
ব্র্যাক জানিয়েছে, এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ৬০০টি দল নাম নিবন্ধন করে। প্রাথমিকভাবে ৩৩টি দলকে মনোনীত করে বিভিন্ন সমস্যার সমাধানে টেকসই সামাজিক উদ্যোগের পরিকল্পনা জমা দিতে বলা হয়। এদের মধ্যে থেকে ১৩টি দল চূড়ান্তপর্বে অংশগ্রহণ করে। পরে তিন ক্যাটাগরিতে এই পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করে জুরি বোর্ড।
ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ বলেন, নাগরিক সমস্যা সমাধানে উদ্ভাবনী পরিকল্পনাগুলোকে সামাজিক উদ্যোগে পরিণত করতে সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তবে উদ্যোক্তারা দেশের মেধাবী তরুণদের পরিচর্যায় এগিয়ে এলে দ্রুত সফলতা পাওয়া যাবে।
বিজয়ীরা ব্র্যাকে সহায়তায় ছয় মাসের মধ্যে তাদের পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া ব্র্যাকের পক্ষ থেকে বিজয়ী দলগুলোকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা দেওয়া হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আনিসুল হক বলেন, দেশের তরুণেরা প্রতিনিয়ত নতুন কিছু করার স্বপ্ন দেখছে। তাদের উদ্ভাবনী ভাবনাগুলোয় নগরীর অনেক সমস্যা মোকাবিলার দিকনির্দেশনা রয়েছে। তারা পর্যাপ্ত সুযোগ পেলে দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রাখবে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, এই প্রতিযোগিতায় বিজয়ীদের চিন্তাভাবনা খুবই সৃজনশীল। এই ভাবনা সমাজের বিদ্যমান সমস্যাগুলোর মোকাবিলায় কাজে লাগবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির পরিচালক কে এ এম মোরশেদসহ ব্র্যাকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।