তরুণেরাই দেশকে সমৃদ্ধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘

অতিথিদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিজয়ী বিতার্কিকেরা ।  প্রথম আলো
অতিথিদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিজয়ী বিতার্কিকেরা । প্রথম আলো

আমি তো ভাবতেই পারিনি, আজকের বিতর্কে অংশ নিতে পারব। কারণ, ২০ অক্টোবর আমার টেস্ট পরীক্ষা। তাই আব্বু-আম্মু কিছুতেই রাজি হচ্ছিলেন না। অনেক বুঝিয়ে তারপর এসেছি। তবে এখন খুব ভালো লাগছে।’ বলছিল চট্টগ্রামের আগ্রাবাদ কলকাকলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাজমুন নাহার। পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩ চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে নাজমুন।
গতকাল বুধবার সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয় উৎসব। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী। তিনি বলেন, ‘ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে বিতর্কচর্চা পথনির্দেশকের ভূমিকা পালন করে। যুক্তিতর্কের মাধ্যমে তরুণসমাজ সত্যকে তুলে ধরে সমাজকে বদলে দেবে, এটাই আমাদের প্রত্যাশা।’
যুক্তিতে মুক্তি’ স্লোগানে গত সোমবার শুরু হয়েছে দেশব্যাপী পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩। জেলা পর্যায়ে উৎসব শেষে বিজয়ীদের নিয়ে শুরু হবে জাতীয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। তিনি বলেন, ‘বিতর্কের মাধ্যমে চিন্তার বিকাশ ঘটে। আমি বিশ্বাস করি, আজকের তরুণসমাজ অনেক বুদ্ধিদীপ্ত, তারা যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে নিজেদের এগিয়ে নেবে। তারাই এ দেশকে সমৃদ্ধ করবে।’ প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিশ্বজিৎ বলেন, ‘বিশাল সম্ভাবনাময় এ দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও কিছু বাধা আছে। সেসব বাধা সরাতে বড় ভূমিকা রাখতে পারে আমাদের তরুণসমাজ।’ প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা এগিয়ে যাও। তোমরা যাতে যৌক্তিক সমাজের দিকে এগিয়ে যেতে পারো, সে জন্যই আমাদের এ আয়োজন। এ বছর আমরা সারা দেশ থেকে বাছাই করা বিতার্কিকদের নিয়ে জাতীয় বিতর্ক ক্যাম্প করব। আগামী বছর থেকে আমরা দেশের ৬৪টি জেলায় বিতর্ক উৎসবের আয়োজন করব। ২০১৫ সালে আন্তর্জাতিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।’ আরও বক্তব্য দেন ইস্পাহানি স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। ‘নেতা নয়, ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’ এ বিষয়ে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেলে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আগ্রাবাদ কলকাকলী উচ্চবিদ্যালয়। রানার্সআপ হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়।

৩ অক্টোবর বৃহস্পতিবার

কক্সবাজার ও বান্দরবান

স্থান: কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয় (হাসপাতাল রোড)

৪ অক্টোবর শুক্রবার

খুলনা ও সাতক্ষীরা

স্থান: সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়, খুলনা

এবং

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ

স্থান: রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ

//