স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মাদকের বিস্তার রোধে আমাদের কঠোর আইন রয়েছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব সেক্টর মাদক প্রতিরোধে কাজ করছে। তারপরও আমাদের দেশে মাদকের অনুপ্রবেশ ঘটছে। দেশে মাদকের ব্যবহার বন্ধ এবং প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার থেকে যাতে মাদক দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে।’
সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’—এ স্লোগানে ডিবেট ফর ডেমোক্রেসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এফডিসি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত নয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে মাদক প্রবেশের কারণে দেশের তরুণেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে তরুণসমাজ যেভাবে বিপদগ্রস্ত হচ্ছে, তা থেকে অবশ্যই তাদের বের করে আনতে হবে। তবে তিনি অনুষ্ঠানের ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য শুনে আশার আলো দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, এই তরুণেরাই পারবেন মাদকাসক্তমুক্ত বাংলাদেশের হাল ধরে এগিয়ে নিতে।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, দেশের স্বপ্নময় শিক্ষার্থীদের মাঝে শুরু থেকেই মাদকবিরোধী মনোভাব জাগ্রত করতে হবে। যাতে করে ভবিষ্যতে কোনো প্রলোভন বা কৌতূহলে তারা মাদকের হাতছানিতে সাড়া না দেয়। তিনি বলেন, অধিদপ্তরের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদকের অপব্যবহার বন্ধে দৃঢ়তার সঙ্গে কাজ করছেন। তবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ আন্দোলনে অংশগ্রহণ করলে মাদকের ব্যবহার প্রতিরোধ করা যাবে বলে জানান। তিনি বলেন, চলতি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক জোর দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নতুন অভিযান পরিচালিত হবে।