তরুণেরাই স্বপ্ন এগিয়ে নেবে
‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ করানো, শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।
আলোচনা সভায় বক্তারা তরুণদের স্যালুট জানিয়ে বলেন, তাঁরা নতুন দিনের স্বপ্ন দেখেন। যে স্বপ্ন তরুণেরাই এগিয়ে নেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় সংগীত ও বন্ধুসভার সংগীত পরিবেশিত হয়। পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘দেশ ও জাতি যেভাবে জরা-বার্ধক্যে উপনীত হচ্ছে, যেভাবে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিষবাষ্প চারদিকে ছড়িয়ে পড়ছে, সেই অন্ধকার পথ থেকে আলোর পথে আসার জন্য তারুণ্যকে আহ্বান জানাচ্ছি।’ আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারা আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আনোয়ার ও বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ।
আলোচনা সভার আগে নগরের ডিসি হিল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
খাগড়াছড়ি: সকালে মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। প্রজ্ঞাবংশ শিশু সদনে গিয়ে তা শেষ হয়। সেখানে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজ্ঞাবংশ শিশু সদনের সভাপতি ভদন্ত সুগন্ধা মহাথের। প্রধান অতিথি ছিলেন মাইসছড়ি ইউপির চেয়ারম্যান সাজাই মারমা। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য চম্পা মারমা ও ম্রারাচিংপ্রু মারমা, শিশু সদনের সম্পাদক চাইহলাপ্রু মারমা ও মংশি মারমা। পরে এখানকার শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান: সকাল ১০টায় শিশু একাডেমি ও প্রেসক্লাব চত্বরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বাঙালি, মারমা, ত্রিপুরা, বম, খিয়াং, চাকমা, চাক, খুমীসহ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক শেখর পাল, তরুণ ব্যবসায়ী রাজেশ দাশ, ব্লাড ডোনার গ্রুপের আফতাব উদ্দিন শাহীন, মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি লুসাইমং মারমা, খিয়াং ছাত্রনেতা অংসাথুই, হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক উনিহ্লা মারমা প্রমুখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী পঙ্কজ দেবনাথ, থোয়াইচিং প্রু মারমা নীলু ও বীণাপানি চক্রবর্তী। কেক কাটেন প্রবীণ সাংস্কৃতিক কর্মী দিলীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সদস্য মঈন উদ্দিন।
কক্সবাজার: বিকেল চারটায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কবি শামীম আকতার, ঝিনুকমালা খেলাঘরের সাধারণ সম্পাদক দীপক শর্মা, ডিজিটাল হসপিটালের চেয়ারম্যান ওসমান গণি, সাংবাদিক আহসান সুমন, কক্সবাজার বন্ধুসভার সাবেক সভাপতি মহিউদ্দিন, বর্তমান সভাপতি কাজী মিজানুর রহমান, সংবাদকর্মী হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও সদস্য সাবরিনা সুবর্ণা।
অনুষ্ঠানে ফারাজ হোসেনের মতো জীবন বাজি রেখে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সব অন্যায়, অবিচার ও অশুভ কাজের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নেন কয়েক শ মানুষ। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান।
এর আগে বেলা সাড়ে তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে কক্সবাজার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিকেল পাঁচটায় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচি শুরু হয়।
টেকনাফ (কক্সবাজার): বেলা তিনটার দিকে টেকনাফ পৌরসভার আবাসিক হোটেল মিলকি চত্বরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বন্ধুসভার সভাপতি আবদুল মতিন ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সভাপতি নূরুল আলম। উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও নিউজ টেকনাফের সম্পাদক আবদুল্লাহ মনির, টেকনাফ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরা মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, টেকনাফ বার্তা টোয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক জেড করিম জিয়া, পত্রিকার এজেন্ট আবদুল গনি, হকার সমিতির সাধারণ সম্পাদক আলী মিয়া, টেকনাফ বন্ধুসভার সহসভাপতি সাংবাদিক নুরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুমি পাল, উপদেষ্টা পীযূষ মল্লিক প্রমুখ।
নোয়াখালী: বিকেল চারটায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে আনন্দ আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল ও মনুগুপ্ত, আইনজীবী কাউছার নিয়াজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, চর জব্বার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাংবাদিক মেসবাহউল হক ও মিজানুর রহমান, বন্ধুসভার সভাপতি রাখি মজুমদার প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমাম উদ্দিন কৌতুক, মাহবুবা নাসরিন ও শিশু নাফিসা আবৃত্তি এবং ওমর ফারুক গান পরিবেশন করেন।
লক্ষ্মীপুর: বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সহসভাপতি মু. রাফি নাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান, বিএমএর জেলা সভাপতি আশফাকুর রহমান, সহযোগী অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কবি এস এম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, শিক্ষক সলিল কুমার ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, ১৮ বছরের তরুণ আবু ইবনে কায়েস প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী মারজাহান চৌধুরী শিমু।
অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীর হাতে টুথপেস্ট, ব্রাশ ও সাবান তুলে দেওয়া হয়। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
ফেনী: সকালে ফেনী সরকারি বালিকা বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাবরিনা তাবাসসুম, তাহমিদ আহমেদ ও সৈয়দ শাখাওয়াত হোসেন। বক্তব্য দেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফসিউল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক তায়বুল হক, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম নবী প্রমুখ। এ ছাড়া ফেনীর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
যশোর: বিকেল চারটায় সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের কমনরুমে অনুষ্ঠিত হয় ‘অতিথি কথা’। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।
অ্যাঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কুপিয়ে হত্যা করবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণেরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকে স্যালুট।’