তরুণেরাই স্বপ্ন এগিয়ে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ করানো, শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।
আলোচনা সভায় বক্তারা তরুণদের স্যালুট জানিয়ে বলেন, তাঁরা নতুন দিনের স্বপ্ন দেখেন। যে স্বপ্ন তরুণেরাই এগিয়ে নেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বিকেল চারটায় সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের কমনরুমে অনুষ্ঠিত হয় ‘অতিথি কথা’। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।
অ্যাঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কুপিয়ে হত্যা করবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণেরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকে স্যালুট।’
কুমিল্লা: বিকেল চারটায় কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চ এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য দেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আদিবা আল আলিমুন, নিশাত তাসনিম, কেয়া রানী সাহা ও আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাসনীম তাবাসসুম। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতা আবৃত্তি করেন ইসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সভাপতি অনিমা মজুমদার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, অভিনেতা শাহজাহান চৌধুরী, তরুণ ইতিহাসবিদ আহসানুল কবির, আবৃত্তিকার বদরুল হুদা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজামুল করিম, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লা ক্লাবের সদস্য সাজ্জাদুল কবির, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও উন্নয়ন সংস্থা প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।
ময়মনসিংহ: সকাল ১০টায় ত্রিশাল উপজেলার তেঁতুলিয়া ইবতেদায়ি মাদ্রাসা প্রাঙ্গণে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়। চিকিৎসক মাহমুদুর রহমান প্রায় ১০০ রোগীকে সেবা দেন। দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে যোগদান করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসাইন। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান প্রমুখ।
চাঁদপুর: সকাল ১০টায় জেলা শহরের বাবুরহাটে সরকারি শিশু পরিবারের ১৭০ জন নারী ও শিশুর বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা চিকিৎসক সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এতে সহায়তা করেন চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক প্রদীপ কুমার দত্ত। বেলা সাড়ে ১১টায় শিশু পরিবার প্রাঙ্গণে অতিথি ও শিশু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি আইনজীবী খোরশেদ আলম। বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রূপক রায়, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মাসুদ রানা, চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য আইভি রহমান।
পরে শিল্পী মৃণাল সরকারের পরিচালনায় শিল্পী সৌমিতা আচার্যী, প্রীতম সরকার অর্ণব, জামিলা বিনতে ও সৈকত মজুমদার গান পরিবেশন করেন।
শেরপুর: সকাল সাড়ে ১০টায় জেলা শহরের নিউমার্কেট এলাকার পাতাবাহার খেলাঘর আসর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য দেন শেরপুর সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি রাজিয়া সামাদ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা প্রদীপ দে কৃষ্ণ, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, আইনজীবী মোখলেছুর রহমান, নাগরিক সংগঠন জন-উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু হান্নান, খেলাঘর আসরের অধ্যক্ষ আলিমুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান, বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। পরে খেলাঘর আসরের শিশুশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
টাঙ্গাইল: বিকেলে শহরের শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য দেন শিক্ষাবিদ আবদুর রাজ্জাক, বন্ধুসভার সদস্য সাদিয়া আক্তার, অজয় কর্মকার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফজলে রাব্বি খান ও শুভ শংকর মিত্র সংগীত, সাব্বির ও রূপা আবৃত্তি এবং লাবণ্য নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শুভ্র ও ফারজানা।
এর আগে বন্ধুসভার সদস্যরা সুবিধাবঞ্চিত ১৮ শিশুশিক্ষার্থীর মাঝে শিক্ষা-উপকরণ বিতরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল ১০টায় শহরের রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুর মাঝে শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। বেলা তিনটায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। কলেজে বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহ, সহযোগী অধ্যাপক এ কে এম হারুনুর রশিদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, উপাধ্যক্ষ জসিম উদ্দিন ব্যাপারী প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্ধু মেঘ, নিঝুম ও শ্রেয়া। গান পরিবেশন করেন শরিফা আক্তার, স্নিগ্ধা আক্তার ও মেঘ। ছন্দ পরিবেশন করেন স্বপন মিয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু শারমিন আক্তার ও নাওমী মেঘ।
নরসিংদী: বিকেলে নরসিংদী সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় কলেজের টিএসসি চত্বরে আলোচনা অনুষ্ঠান হয়। এতে বন্ধুসভার সভাপতি রায়হানা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালাম মাহমুদ, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাওয়ার্দী, ফেমাস ইনস্টিটিউশন স্কুলের অধ্যক্ষ আবু হানিফা, সাংবাদিক মাখন দাস ও আয়ুব খান সরকার, বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালাম মাহমুদ, সুমাইয়া আক্তার, স্বপন দাস। আবৃত্তি করেন রায়হানা
সরকার ও মৃদুল।