তরুণেরাই স্বপ্ন এগিয়ে নেবে
‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ করানো, শিক্ষা উপকরণ বিতরণ ও
স্বাস্থ্যসেবা কার্যক্রম।
আলোচনা সভায় বক্তারা তরুণদের স্যালুট জানিয়ে বলেন, তাঁরা নতুন দিনের স্বপ্ন দেখেন। যে স্বপ্ন তরুণেরাই এগিয়ে নেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: বিকেলে নগরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। বিকেল চারটায় নগরের পদ্মাপারের লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মূল আয়োজন। আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র সাহা, রাজশাহী সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল, বন্ধুসভার সদস্য আশিফা আশরাফী, মো. সালাহউদ্দিন, নুসরাত জাহান প্রমুখ। নৃত্য পরিবেশন করেন সাকিব, শতাব্দী, সূচনা ও ভূমিকা। গান পরিবেশন করেন রেজাউল করিম, ফারজানা, হাসমত আরা,হামিদুল প্রমুখ।
এর আগে বন্ধুসভার সদস্যরা নগরের ২৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন গাছে লাগানো পেরেক অপসারণ করেন। এ সময় ‘গাছেরও প্রাণ আছে’, ‘আঘাত করলে মানুষের মতোই কষ্ট পায় গাছ’, ‘গাছের দেওয়া অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি’, ‘এমন অকৃত্রিম বন্ধু গাছে আমরা অনেকে তুচ্ছ কারণে পেরেক ঠুকে দিতে দ্বিধা করি না’ ইত্যাদি লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন তাঁরা। এই কর্মসূচিতে সহযোগিতা করেন রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী।
রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক মিঠুন আলী সরদার বলেন, নগরের পঞ্চবটি থেকে প্রায় তালাইমারী পর্যন্ত বাঁধের গাছগুলো থেকে পেরেক অপসারণ করা হয়। গাছগুলোতে সবচেয়ে বেশি সাইনবোর্ড পাওয়া যায় একজন ঘটকের। পরে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি বোঝালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। বিভিন্ন গাছে লাগানো তাঁর সাইনবোর্ডগুলোও খুলে ফেলার অঙ্গীকার করেন।
যশোর: বিকেল চারটায় সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের কমনরুমে অনুষ্ঠিত হয় ‘অতিথি কথা’। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।
অ্যাঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কুপিয়ে হত্যা করবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণেরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকে স্যালুট।’
ভোলা: জেলা প্রেসক্লাবে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথম আলো পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন শহরের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আখতার, জেলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, এ রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামস-উল-আলম, বন্ধুসভার সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রতিদিন পত্রিকা পড়তে হবে। সেই পত্রিকাটি যদি প্রথম আলো হয়, তাহলে আরও ভালো। কারণ, প্রথম আলো দেশ গঠনে ভাবতে শেখায়।
ফরিদপুর: বেলা সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, প্রথম আলোর পাঠক মুমিনুল হক, শিক্ষার্থী কে এম ইমরান হোসেন প্রমুখ। পরে সংগীত পরিবেশন করেন প্রথম আলোর বন্ধুরা।
চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রথম আলোর এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করানো হয়। বেলা ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটা হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বন্ধুসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি পর্ষদের পরিচালক মরিয়ম শেলী, শিক্ষক বারিকুল ইসলাম, শেখ সেলিম ও আমিরুল ইসলাম।
পরে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের ১১ শিক্ষার্থীকে নতুন জামা উপহার দেওয়া হয়। বন্ধুসভার সদস্যদের কণ্ঠে ‘১৮ বছর বয়স কী দুঃসহ’ গানটি পরিবেশিত হয়। আবৃত্তি পর্ষদের সদস্যরা সমবেত কবিতা আবৃত্তি করেন। পরে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের
করা হয়।
পটুয়াখালী: বিকেলে বন্ধুসভার সদস্যদের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। বেলা তিনটায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এসে তা আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, সাংবাদিক আবদুস সালাম আরিফ, পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘১৮ বছর বয়স’ কবিতা পাঠ করেন পটুয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদা আক্তার।
রাজবাড়ী: সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচির শুরুতে শিশুদের আঁকা অর্ধশতাধিক ছবি প্রদর্শন করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, চিকিৎসক কামরুল হাসান লালী প্রমুখ।