তরুণেরাই স্বপ্ন এগিয়ে নেবে

‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ করানো, শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।
আলোচনা সভায় বক্তারা তরুণদের স্যালুট জানিয়ে বলেন, তাঁরা নতুন দিনের স্বপ্ন দেখেন। যে স্বপ্ন তরুণেরাই এগিয়ে নেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর: বিকেল চারটায় সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের কমনরুমে অনুষ্ঠিত হয় ‘অতিথি কথা’। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।
অ্যাঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কুপিয়ে হত্যা করবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণেরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকে স্যালুট।’
ভোলা: জেলা প্রেসক্লাবে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথম আলো পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন শহরের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আখতার, জেলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, এ রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামস-উল-আলম, বন্ধুসভার সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রতিদিন পত্রিকা পড়তে হবে। সেই পত্রিকাটি যদি প্রথম আলো হয়, তাহলে আরও ভালো। কারণ, প্রথম আলো দেশ গঠনে ভাবতে শেখায়।

পিরোজপুর: সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাবেক সভাপতি এ কে আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, বরিশাল বন্ধুসভার সাবেক সভাপতি ও পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, পিরোজপুর বন্ধুসভার সভাপতি কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
বরগুনা: বেলা তিনটায় শহরে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে গিয়ে তা আলোচনা সভায় মিলিত হয়। বরগুনা বন্ধুসভার সভাপতি সুশান্ত পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চারুশিল্পী মাসউদ সিকদার, বেসরকারি সংস্থা অন্বেষার পরিচালক শামসুদ্দিন খান, উদ্ভাবক আবদুর রহিম, নারী সংগঠক স্বর্ণা সিকদার, সংগীতশিল্পী মনোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী সুদীপা দাস প্রমুখ।
ফরিদপুর: বেলা সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, প্রথম আলোর পাঠক মুমিনুল হক, শিক্ষার্থী কে এম ইমরান হোসেন প্রমুখ। পরে সংগীত পরিবেশন করেন প্রথম আলোর বন্ধুরা।
চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রথম আলোর এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করানো হয়। বেলা ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটা হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বন্ধুসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি পর্ষদের পরিচালক মরিয়ম শেলী, শিক্ষক বারিকুল ইসলাম, শেখ সেলিম ও আমিরুল ইসলাম।
পরে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের ১১ শিক্ষার্থীকে নতুন জামা উপহার দেওয়া হয়। বন্ধুসভার সদস্যদের কণ্ঠে ‘১৮ বছর বয়স কী দুঃসহ’ গানটি পরিবেশিত হয়। আবৃত্তি পর্ষদের সদস্যরা সমবেত কবিতা আবৃত্তি করেন। পরে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পটুয়াখালী: বিকেলে বন্ধুসভার সদস্যদের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। বেলা তিনটায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এসে তা আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, সাংবাদিক আবদুস সালাম আরিফ, পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘১৮ বছর বয়স’ কবিতা পাঠ করেন পটুয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদা আক্তার।
বাগেরহাট: প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনদের নিয়ে কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ এ বি এম মোশাররফ হুসাইন, আইনজীবী মো. মোজাফ্ফর হোসেন, অধ্যাপক চৌধুরী আবদুল রব, বাগেরহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জি রবীন্দ্রনাথ, বন্ধুসভার উপদেষ্টা মো. মনজুরুল ইসলাম, নারীনেত্রী রিজিয়া পারভীন প্রমুখ।
রাজবাড়ী: সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচির শুরুতে শিশুদের আঁকা অর্ধশতাধিক ছবি প্রদর্শন করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, চিকিৎসক কামরুল হাসান লালী প্রমুখ।
শরীয়তপুর: বিকেলে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ফরহাদ মিয়া।