তরুণেরাই স্বপ্ন এগিয়ে নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টিমুখ করানো, শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।
আলোচনা সভায় বক্তারা তরুণদের স্যালুট জানিয়ে বলেন, তাঁরা নতুন দিনের স্বপ্ন দেখেন। যে স্বপ্ন তরুণেরাই এগিয়ে নেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা মহানগর বন্ধুসভা একটি ভালো কাজের আয়োজন করে। এর অংশ হিসেবে বেলা তিনটায় রাজধানীর ফার্মগেট এলাকায় বন্ধুসভার সদস্যরা ট্রাফিক আইন মেনে পথচারীদের রাস্তা পারাপারের জন্য পদচারী-সেতু ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এ সময় যেসব পথচারী পদচারী-সেতু ব্যবহার করেছেন, তাঁদের হাতে শুভেচ্ছা উপহারস্বরূপ ফুল তুলে দেওয়া হয়। ফার্মগেট এলাকার দুটি পদচারী-সেতুতে এ কার্যক্রম চলে।
পরে বিকেল সাড়ে চারটায় প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে এক আনন্দ আড্ডার আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুসভা। এতে বন্ধুরা গান ও আবৃত্তি করেন এবং তাঁদের অনুভূতি প্রকাশ করেন। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
নরসিংদী: বিকেলে নরসিংদী সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় কলেজের টিএসসি চত্বরে আলোচনা অনুষ্ঠান হয়। এতে বন্ধুসভার সভাপতি রায়হানা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালাম মাহমুদ, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাওয়ার্দী, ফেমাস ইনস্টিটিউশন স্কুলের অধ্যক্ষ আবু হানিফা, সাংবাদিক মাখন দাস ও আয়ুব খান সরকার, বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালাম মাহমুদ, সুমাইয়া আক্তার, স্বপন দাস। আবৃত্তি করেন রায়হানা সরকার ও মৃদুল।
মুন্সিগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম। আরও অংশগ্রহণ করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা বেগম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহাজাহান গাজী, মুন্সিগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, বন্ধুসভার সভাপতি সালমা মুস্তারী, সাধারণ সম্পাদক বিকাশ রায়, সহসভাপতি নুরুন্নবী মুন্না প্রমুখ।
পরে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ নেওয়া সদর উপজেলার নয়টি বিদ্যালয়ের ৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়।
যশোর: বিকেল চারটায় সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের কমনরুমে অনুষ্ঠিত হয় ‘অতিথি কথা’। বক্তব্য দেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।
অ্যাঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কুপিয়ে হত্যা করবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণেরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকে স্যালুট।’
রাজশাহী: বিকেলে নগরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। বিকেল চারটায় নগরের পদ্মাপারের লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মূল আয়োজন। আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র সাহা, রাজশাহী সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল, বন্ধুসভার সদস্য আশিফা আশরাফী, মো. সালাহউদ্দিন, নুসরাত জাহান প্রমুখ। গান পরিবেশন করেন রেজাউল করিম, ফারজানা, হাসমত আরা, প্রমুখ।