তর্ক-বিতর্কের মাধ্যমে সত্য উদ্ঘাটন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার বিতর্ক। তর্ক-বিতর্কের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা সম্ভব। বিতার্কিকেরাই আগামী দিনে দেশ পরিচালনা করবেন। জ্ঞান-বিজ্ঞানের চর্চার মাধ্যমে তাঁরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। রয়েল সিমেন্ট-প্রথম আলো-দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান হয়।
আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম কলেজ। এ প্রতিযোগিতায় সারা দেশের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই শ শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার বলেন, আজকের বিতার্কিকেরাই আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। এ জন্য এখন থেকেই তাঁদের তৈরি করতে হবে। নিজের দেশ ও সমাজকে ভালোবাসতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বিতার্কিকদের মধ্যে জ্ঞান, বুদ্ধি ও সাহস আছে। তাঁরাই পারবেন অন্যায় ও অনাচারের প্রতিবাদ করতে।
শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, এ দেশের তরুণেরা অনেক বেশি সৃজনশীল ও মেধাবী। তাঁরাই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।
সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বলেন, বিতর্ক মানুষকে চিন্তাশীল হতে সাহায্য করে। বিতার্কিকদের বিতর্কে সঠিক তথ্য দিতে হবে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আদনান মান্নান, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ইশরাত জাহান, রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান, হাবিব তাজকিরাসের পরিচালক সৈয়দ রুম্মান আহমেদ প্রমুখ।