তর্কে-যুক্তিতে উৎসবমুখর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথের লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের ঢাকা মহানগর আয়োজনের উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । ছবি: প্রথম আলো
রাজধানীর পান্থপথের লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের ঢাকা মহানগর আয়োজনের উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । ছবি: প্রথম আলো

আগের রাতে ঝুম বৃষ্টি। ভরা বর্ষাকালের মতো প্রকৃতির এই আচরণ ছিল ভোরেও। তাহলে কি উৎসব হবে? উৎকণ্ঠার পারদ উঠতে থাকে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন আয়োজকদের সঙ্গে।
শেষ পর্যন্ত জয় হলো বিতর্কের। জয় হলো কৈশোরের। মেঘ কেটে সকালের সূর্য হাসল। নির্ধারিত সময়েই শুরু হলো পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবের ঢাকা মহানগরের আয়োজন। গতকাল শুক্রবার সারা দিন যুক্তি আর তর্কের লড়াইয়ে কাটিয়ে দিল রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
‘যুক্তিতে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গত বছরের ১ অক্টোবর কুষ্টিয়ায় শুরু হয়েছিল পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩। রাজধানীর বাইরে ৩০টি এলাকায় আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে গতকাল বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা-পর্ব।
সকালে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা গেল মাঠজুড়ে রাত ও ভোরের বৃষ্টির পানির উপস্থিতি। তৎক্ষণাৎ নালা কেটে, বালু ফেলে বৃষ্টির চিহ্ন মুছে ফেললেন বন্ধুসভার সদস্যরা। মাঠ প্রস্তুত। একে একে শহরের বিভিন্ন প্রান্তে থাকা স্কুল থেকে শিক্ষার্থীরা আসতে থাকে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে। স্কুলের মূল ভবনের সামনে জমায়েত হতে থাকে সবাই। ওড়ানো হয় জাতীয় এবং উৎসব পতাকা। একঝাঁক বর্ণিল বেলুন ওড়ানোর সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক।
সকালে রাজধানীর পান্থপথের লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি স্কুলজীবনে বিতর্কচর্চা করতে না পারায় আক্ষেপ করেন। রেজওয়ানা চৌধুরী বলেন, এ বয়সে এসে মনে হচ্ছে বিতর্কচর্চা করাটা খুব জরুরি ছিল। কেননা, বিতর্কচর্চায় যুক্তির মধ্যে থাকতে হয়। বিতর্কচর্চার মধ্য দিয়ে এগিয়ে গেলে বর্তমান প্রজন্ম পরবর্তী সময়ে যুক্তিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল আশা প্রকাশ করে বলেন, এই বিতার্কিকদের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন ইউনিলিভার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকটিভেশন ইভেন্ট ও মিডিয়া) আহসানুর রহমান।
মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে শিক্ষার্থীরা নির্ধারিত শ্রেণীকক্ষগুলোতে চলে যায়। দিনের প্রথম পর্বে নিবন্ধন করা ৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ পর্বের নির্ধারিত বিষয় ছিল ‘সমাজে এখন ভালো মানুষের চেয়ে ধনী মানুষের কদর বেশি’। শুরুতে পরিকল্পনা ছিল এ পর্বে ১৬টি প্রতিষ্ঠানকে দ্বিতীয় পর্বের জন্য বাছাই করা হবে। কিন্তু তীব্র প্রতিযোগিতার জন্য এ পর্বে ২৪টি প্রতিষ্ঠানকে বাছাই করেন বিচারকেরা।
স্কুল পর্যায়ের শিক্ষার্থী হলেও বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে দেখা যায়, যারা অংশ নিয়েছে তারা কথাবার্তায় ভীষণ পাকা। প্রতিটি উচ্চারণে যেন যুক্তির তুবড়ি ছোটায়। প্রথম পর্ব শেষ করে উচ্ছল আর প্রাণবন্ত ছোটাছুটি করে তার্কিকেরা। মাঠের মধ্যখানে তৈরি মঞ্চে এসে নিজেরা নিজেদের মতো করে আলোচনা ও গানে মেতে ওঠে। বিতর্কের বিষয় ঘোষণা করার পরই এই দুরন্ত শিশুদের ভাব মুহূর্তেই পাল্টে গেল। প্রস্তুতির সময়টুকুতে বিষয় নিয়ে পরস্পর শুরু করল জ্ঞানগর্ভ আলোচনা।
দ্বিতীয় পর্বের বিষয় ছিল ‘শিক্ষার্থীদের জন্য টেলিভিশন দেখা বন্ধ করা উচিত’। এ পর্বে ১২টি দল বিজয়ী হয়। শুরু হয় তৃতীয় পর্বের লড়াই। ‘সৃজনশীল শিক্ষাপদ্ধতি শিক্ষার মান উন্নয়নের একমাত্র উপায়’ বিষয়ে লড়াই করে এ পর্ব থেকে আটটি দল বিজয়ী হয়। এ আটটি দল লড়াই করে কোয়ার্টার ফাইনালে। এ পর্বের বিষয় ছিল ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে তরুণসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে’।
কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যায় চারটি দল। বিষয় ছিল ‘নেতা নয় ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’। সেখানে থেকে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চূড়ান্ত পর্বে ওঠে। এ পর্বের বিষয় ছিল ‘প্রত্যাশার চাপই ক্রীড়া ক্ষেত্রে সফলতার মূল অন্তরায়’। চ্যাম্পিয়ন হয় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়। তবে এ দুটি দলই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। বিচারকদের নম্বরের ভিত্তিতে দিনের সেরা বির্তাকিক হয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতা মেহজাবিন তোরসা। সেরা নিয়মানুবর্তী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ পুরস্কার পায় বাংলাদেশ আদর্শ উচ্চবিদ্যালয় দল।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে ঢাকা আঞ্চলিক উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান, লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেলালউদ্দিন আহমেদ প্রমুখ।