তলবি সভা করে নির্বাচন স্থগিতের কথা বলল আইনজীবীদের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যের ব্যানারে আজ বুধবার ‘তলবি সাধারণ সভা’ করেছে আইনজীবীদের একটি অংশ। সভায় ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় সমিতির নির্বাচন আপাতত স্থগিত করাসহ তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওই সভার সভাপতি শাহ আহমেদ বাদল স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠির তথ্য অনুসারে, সমিতির সংবিধানের ১৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ সভা হয়েছে। নির্বাচন স্থগিত করা ছাড়া সভায় গৃহীত অপর দুটি সিদ্ধান্ত হচ্ছে, নির্বাচন উপকমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের জন্য ৯ সদস্যের কমিটি ঘোষণা।

এসব সিদ্ধান্ত উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান (নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক) বরাবরে চিঠিটি পাঠানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুসারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২২-২৩) দুই দিনব্যাপী নির্বাচনের তারিখ ১৫ ও ১৬ মার্চ। ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটি গঠন করা হয়েছে।

৬টার দিকে এ ওয়াই মসিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এখনো কোনো চিঠি পাইনি। তবে নির্বাচন পরিচালনার জন্য উপকমিটির আহ্বায়ক হিসেবে সমিতির কার্যনির্বাহী কমিটি আমাকে মনোনীত করেছে। তাই কারও কোনো বক্তব্য থাকলে সে বিষয় নিয়ে সমিতির সম্পাদকের সঙ্গে কথা বলবে।’

জানতে চাইলে সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘ওই তলবি সভা আইনসিদ্ধ নয়। ১৫ ও ১৬ মার্চ যথারীতি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে প্রার্থী পরিচিতি সভাও অনুষ্ঠিত হবে। তলবি সভাকে ঘিরে আইনজীবী সদস্যদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কে—এটিসহ তিন প্রশ্ন তুলে সমিতির চারজন জ্যেষ্ঠ আইনজীবী বর্তমান সম্পাদকের মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী কমিটি বরাবর চিঠি দেন। সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ এই চার আইনজীবী হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও মঈনুল হোসেন।

এই চিঠিতে বলা হয়, সমিতির সভাপতি (২০২১-২২ মেয়াদে নির্বাচিত) জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু গত বছরের ১৪ এপ্রিল মারা যান; যিনি গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন। এ অবস্থায় সমিতির সভাপতি কে? অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি বিশেষ সাধারণ সভা আহ্বানের মাধ্যমে এডহক কমিটি গঠনের কথাও বলা হয় চিঠিতে।

এরপর আজ দুপুরে সমিতির দক্ষিণ হলে তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম, সুব্রত চৌধুরী, রফিকুল ইসলাম মেহেদী, তানিয়া আমীর, ইউনুছ আলী আকন্দ, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, এ বি এম রফিকুল হক তালুকদার ও মোহাম্মদ আলী জিন্নাহসহ প্রমুখ অংশ নেন।