তলা ফেটে পানি ঢুকল লঞ্চে, রক্ষা পেল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জে শুক্রবার দিবাগত রাতে ডুবে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি লঞ্চের তলা ফেটে যায়। এ সময় লঞ্চে পানি উঠতে থাকলে যাত্রীরা দ্রুত নেমে যান। তীরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কোনো হতাহত হয়নি। অভিযোগ উঠেছে, লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-ভোলা-দৌলতখান রুটের লঞ্চ টিপু-২ শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কালীগঞ্জ পন্টুনে নোঙর করছিল। এ সময় নারকেলগাছের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। দ্রুত পানি উঠতে থাকে লঞ্চটিতে। একপর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে লঞ্চটি ডুবতে শুরু করে। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। আতঙ্কিত যাত্রীদের কেউ কেউ পানিতে লাফ দেন। তবে তীরের কাছাকাছি হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।যাত্রীরা জানান, লঞ্চটিতে অন্তত ৬০০ জন যাত্রী ছিল। দৌলতখানের যাত্রী জোবায়ের আহম্মেদ বলেন, লঞ্চটি অতিরিক্ত যাত্রী ও মালমালে বোঝাই ছিল। ছাদেও যাত্রী নেওয়া হয়েছিল।ভোলার যাত্রী ইমরান মিয়া বলেন, তাঁর সঙ্গে একটি ব্রিফকেসসহ লক্ষাধিক টাকার মালামাল ছিল। জীবন বাঁচানোর জন্য তিনি লাফ দিয়েছিলেন। কিন্তু পরে লঞ্চটি ঘাটে ভিড়লে মালামাল কিছুই খুঁজে পাননি। লঞ্চের পরিদর্শক মো. নোমান ও মাস্টার জাকির হোসেন বলেন, কালীগঞ্জ ঘাটে ভেড়ার সময় লঞ্চের ডান পাশের তলায় নারকেলগাছের ধাক্কা লাগে। এতে তলা ফেটে গিয়ে লঞ্চে পানি উঠতে থাকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার বলেন, এই দুর্ঘটনা মাঝনদীতে হলে বহু লোক মারা যেত। অতিরিক্ত যাত্রী বোঝাই না করার নির্দেশনা মানা হচ্ছে না। ফলে প্রায়ই ঘটছে নৌ-দুর্ঘটনা।মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালি প্রথম আলোকে বলেন, নদীতে লাফিয়ে পড়া যাত্রীদের উদ্ধারে সহায়তা করে কোস্টগার্ড ও স্থানীয় লোকজন। যাত্রীদের কয়েকজনের মালামাল হারানোর অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, ভোলার যাত্রীদের গতকাল শনিবার সকালে ট্রলারে করে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকবলিত লঞ্চটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।