তলা ফেটে স্টিমারে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমার এমভি সেলার তলা ফেটে স্টিমারটিতে পানি ঢুকে পড়ে। পরে স্টিমার থেকে পানি বের করে নেওয়া হয়। গত শনিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।সেলার ইঞ্জিন চালক রেজাউল করিম জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে এমভি সেলা। রাত সাড়ে ১১টার দিকে সেটি চাঁদপুর স্টিমার ঘাটের কাছে পৌঁছায়। এর কিছুক্ষণ আগে বরিশাল থেকে ঢাকাগামী স্টিমার মাসুদ চাঁদপুর স্টিমার ঘাটে ভিড়ে। স্টিমার দুটি পাশাপাশি রাখতে গিয়ে মাসুদের সঙ্গে ধাক্কা লেগে সেলার সামনের অংশের তলা ফেটে দ্রুত পানি ঢুকতে থাকে। এ সময় স্টিমার সেলার যাত্রীরা দ্রুত স্টিমার থেকে নেমে যায়।সেলার যাত্রী জুয়েল ও ইয়াসিন জানান, স্টিমারটিতে করে ঢাকা থেকে দুই শতাধিক যাত্রী চাঁদপুরে আসে। চাঁদপুর ঘাট থেকে আরও ৩০০ যাত্রী সেলারে ওঠে। চাঁদপুর স্টিমার ঘাটের টিকিট বিক্রেতা সোহেল জানান, স্টিমারটি দুর্ঘটনার কবলে পড়ায় তাঁরা যাত্রীদের কাছ থেকে ৩০০ টিকিট ফেরত নিয়েছেন। পরে যাত্রীরা অন্যান্য লঞ্চে চড়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। গতকাল রোববার ভোরে স্টিমার ঘাটের পন্টুনে সেলার দুই শতাধিক যাত্রীকে স্টিমারের জন্য অপেক্ষা করতে দেখা যায়। রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা স্টিমারটির ভেতর থেকে পানি বের করে আনেন।