তলিয়ে গেছে ৪০০ হেক্টরের বোরো খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের বৃষ্টিতে রাজশাহীর বাগমারার প্রায় ৪০০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বারানই নদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাবার ড্যাম নির্মাণ করছে।
ঢিমেতালে কাজ করায় বৃষ্টির পানি সরতে না পারায় কৃষকেরা এ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুঠিয়ার জগদিশপুর এলাকায় বারানই নদে রাবার ড্যাম স্থাপনের কাজ চলছে। বিএমডিএ গত এক বছর এর নির্মাণকাজ চালাচ্ছে। কাজ এখনো সম্পন্ন হয়নি। রাবার ড্যামটির জন্য তারা নদের পশ্চিম পাশে মাটির বাঁধ দিয়েছেন। পাশেই বিলে পানিতে ডুবে আছে ধানের খেত। অনেক চাষিই পানিতে নেমে পাকা ও আধপাকা ধান কেটে নিচ্ছেন।
স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ওই অঞ্চলে বোরো আবাদ করা হয়েছে। ওই নিম্নাঞ্চল খয়রা, কাদার, যশোর, সোনাবিলাসহ ছয়-সাতটি বিলের প্রায় ৪০০ হেক্টর জমির পাকা ও আধপাকা ধান তলিয়ে গেছে। উপজেলার শ্রীপুর, গণিপুর, বাসুপাড়া, গোয়ালকান্দি ইউনিয়ন ও দাহেরপুর পৌরসভার মধ্যে এসব বিলের অবস্থান।
শ্রীপুর গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক আকবর আলী মল্লিক বলেন, দুর্গাপুর ও বাগমারা এলাকার সাত-আটটি বিলের পানি খয়রা বিল হয়ে ষষ্ঠিখালীর জলকপাটের মাধ্যমে বারানই নদে যায়। কিন্তু এখন নদে বিলের চেয়ে বেশি পানি থাকায় জলকপাট বন্ধ রাখতে হচ্ছে। তাঁর এলাকায় বিলের প্রায় আড়াই শ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি।
দাহেরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরউদ্দিন আহমেদ বলেন, তাঁরসহ এলাকার শতাধিক চাষির ধান পানিতে তলিয়ে গেছে। রাবার ড্যাম নির্মাণে গড়িমসি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এখানে অন্তত ১১৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে তিনি জানান।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন তাঁর এলাকায় বারানই নদে বাঁধ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এবার আগাম বৃষ্টিপাত হওয়ায় সমস্যা হয়েছে।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বাদশা অবশ্য বলেন, অল্প কিছু জমির ধান তলিয়ে গেছে। তবে পানি বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএমডিএ পুঠিয়া অঞ্চলের সহকারী প্রকৌশলী সেলিম রেজা বলেন, ধান তলিয়ে যাওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ড্যামের কাজ সম্পন্ন করতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে। তারপর জলাবদ্ধতা কেটে যাবে বলে জানান তিনি। তিনিও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আগাম বৃষ্টিকে দায়ী করেন।