তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক, যান পারাপারে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগ​েঞ্জর শিবাল​েয় পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো
মানিকগ​েঞ্জর শিবাল​েয় পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো

পদ্মায় তীব্র স্রোত ও ফেরি-সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নদীতে পানি বাড়ার কারণে গতকাল শুক্রবার পরিস্থিতির আরও অবনতি হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শিবালয়ের আরিচা কার্যালয়ের গেজ রিডার (জিআর) রিমন শিকদার বলেন, যমুনা ও পদ্মা নদীর আরিচা ও পাটুরিয়া পয়েন্টে কয়েক দিন ধরে পানি বাড়ছে। গত মঙ্গলবার পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমায় (৯ দশমিক ৪০ মিটার) পৌঁছায়। গত বুধবার আরও ১৪ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। গতকাল বিকেল পাঁচটায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৮৭ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপরে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট ঘুরে দেখা যায়, পাটুরিয়ায় পাঁচটি ঘাটের মধ্যে তিনটি ঘাট সচল রয়েছে। দৌলতদিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহজালাল যানবাহন ও যাত্রী নিয়ে চার নম্বর ঘাটে ভেড়ে। কিন্তু এ ঘাটের সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের পন্টুনের কাছের বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। এতে ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনকে ফেরি থেকে সড়কে উঠতে হয়। এতে ফেরিতে ওঠানামা করতে যানবাহনগুলোকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। বিকেলে ইটের টুকরো ফেলে সংযোগ (অ্যাপ্রোচ) সড়কটি কিছুটা উঁচু করা হয়।
জানা গেছে, তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে সমস্যা হওয়ায় এক নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। স্রোতের মধ্যে চলতে না পারায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি ফেরি এ ঘাটে নোঙর করে রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ ধরে পদ্মায় পানি বেড়ে তীব্র স্রোত দেখা দেয়। এতে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যানবাহন নিয়ে ফেরিগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।
এ ছাড়া স্রোতের মধ্যে অতিরিক্ত শক্তি ব্যবহার করে যানবাহন পারাপার করতে গিয়ে তিনটি ফেরি বিকল হয়ে যায়। বুধবার সন্ধ্যায় খানজাহান আলী নামের একটি বড় ফেরি বিকল হয়ে পড়ে। ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি মাধবীলতা চার মাস ধরে বিকল হয়ে আছে। এ ছাড়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্রোতের প্রতিকূলে চলাচল করতে পারছে না। এ কারণে পাটুরিয়ায় যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
বেলা একটার দিকে দেখা যায়, পারাপারে ধীরগতির কারণে উথলী-পাটুরিয়া সড়কের আরসিএল মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন।
পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকেই ঘাটে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা বেশি। এসব যানবাহন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ রাখতে তাঁরা দিনরাত কাজ করছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নদীতে স্রোতের তীব্রতার কারণে যানবাহন পারাপারে চরম সমস্যা হচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা-ও বলা যাচ্ছে না। তবে বিকল হওয়া ফেরিগুলো মেরামত শেষে নৌবহরে যোগ হলে যানবাহনের চাপ কিছুটা কমবে।