তলিয়ে গেছে জুড়ী-বড়লেখা সড়ক, মাধবকুণ্ডে পাহাড়ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়ক তলিয়ে গেছে। ফলে গতকাল শুক্রবার সকাল থেকে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়া মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রে পাহাড়ধসে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্ঘটনার আশঙ্কায় গতকাল সকাল থেকে পর্যটকদের প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ি ঢল নেমে জুড়ী-বড়লেখা সড়কের কাঁঠালতলী ও পানিধার এলাকায় প্রায় এক কিলোমিটার জায়গা দু-তিন ফুট পানিতে তলিয়ে যায়।সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রের অভ্যন্তরে পাহাড়ধসে পর্যটকদের বসার জন্য নির্মিত একটি স্থাপনা ও বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে গেছে। জলপ্রপাতের নিচের পানি বাইরে বেরোনোর ছড়ার তিনটি স্থানে লাগোয়া পাহাড় ধসে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলপ্রপাতে প্রবেশের প্রধান ফটকের ইজারাদার জামাল উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশে তাঁরা সকাল থেকে ফটক বন্ধ করে রেখেছেন। বেড়াতে আসা পর্যটকেরা সেখানে ঢুকতে পারছেন না। ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান গতকাল বিকেল তিনটার দিকে বলেন, ‘বড়লেখার সঙ্গে জুড়ী, কুলাউড়াসহ জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পর্যটকেরা দুর্ঘটনার শিকার হতে পারেন, সে কারণে ফটক বন্ধ করে দিতে বলেছি। বর্ষণ অব্যাহত থাকায় পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।’