কয়েক দিনের বৃষ্টিতে নড়াইলের তিন উপজেলায় বীজতলাসহ ১ হাজার ৬৪৯ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে দুই হাজারের বেশি কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সদর উপজেলার তুলারামপুর, হাতিয়ারাসহ আটটি গ্রাম, মাইজপাড়া, শাহাবাদ, বিছালী, কলোড়া, শিঙ্গাশোলপুর ইউনিয়নের ৪৬টি গ্রাম, কালিয়া উপজেলার পাটেশ্বরী, পেড়লী, সালামাবাদসহ ২৫টি গ্রাম, লোহাগড়া উপজেলার ১০টি গ্রাম, মাউলি বিলসহ ছোট-বড় অসংখ্য বিলের বেশির ভাগ ফসলি জমি ও বীজতলা তলিয়ে গেছে।
সদর উপজেলার হাতিয়ারা গ্রামের কৃষক নন্দ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি ২০ হাজার টাকা দাদন নিয়ে পাঁচ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। বৃষ্টির পানিতে তা তলিয়ে গেছে। খেতে কোমরসমান পানি। এখন মহাজনের সুদ কীভাবে মেটাবেন, সেই দুশ্চিন্তা করছেন।
শেখহাটি গ্রামের তপনভাগ গ্রামের মাখন দাশ বলেন, বৃষ্টির পানিতে তাঁর পানের তিনটি বরজের মাটি ধুয়ে নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার নাকশি-মাদ্রাসা গ্রামের রেজাউল মল্লিক বলেন, তাঁর তিন একর জমিতে চিংড়িঘের রয়েছে। গত পাঁচ-ছয় দিনের বৃষ্টিতে ঘের ডুবে গেছে। সব চিংড়ি ভেসে গেছে।
কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মোস্তফা বিশ্বাস বলেন, বিল তলিয়ে সব শেষ হয়ে গেছে। বিলের চারপাশের সাতটি গ্রামের প্রায় ৫০০ কৃষকের পথে বসার দশা। পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হলো পাটেশ্বরী বিলের জমি। সেই বিলের ধানখেত পানির নিচে তলিয়ে গেছে।
পেড়লী গ্রামের গোলাম মোর্শেদ বলেন, বর্ষার পানিতে বিল তলিয়ে গেছে। এ ছাড়া এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মাছ ধরার জন্য স্লুইসগেট খুলে দিয়ে বিলে পানি ঢোকাচ্ছেন। এ কারণে কৃষকের আরও ক্ষতি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের নড়াইল কার্যালয়ের উপপরিচালক শেখ আমিনুল হক বলেন, নড়াইলে ১ হাজার ৫৮৭ হেক্টর জমির আমন-আউশ, ৮ হেক্টর রোপা-আমনের বীজতলা, ৯০ হেক্টর জমির মৌসুমি ফসল এবং ৪৫ হেক্টর জমির পানের বরজের ক্ষতি হয়েছে। এতে জেলায় ২ হাজার ২০০টি কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সাহায্য এলে কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।