তলিয়ে গেছে পদ্মার চরে আবাদ করা ফসল
সমুদ্রে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ার ও ভারী বর্ষণের কারণে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে গত কয়েক দিনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কয়েকটি চরের ফসল ডুবে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এসব চরে আবাদ করা কৃষকেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের অন্তর্গত পদ্মায় জেগে ওঠা চর আখপালন্দ, কুশাহাটা, চর পালন্দ ও বাহির চর এলাকায় আশপাশের কৃষকেরা এবার সহস্রাধিক বিঘা জমিতে বাদাম, আউশ ধান, তিল, কাউন প্রভৃতি ফসলের আবাদ করেন। দু-তিন সপ্তাহের মধ্যে এসব ফসল ঘরে তোলার উপযোগী হতো। গত শুক্রবার চরগুলোতে গিয়ে দেখা গেছে, কৃষকেরা ডুবে যাওয়া অপরিপক্ব আউশ ধান, বাদাম, তিল ও কাউন তুলে তা ট্রলারে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। হজরত আলী, নজর আলী, যোচন শেখসহ কয়েকজন কৃষক বলেন, তাঁরা ২২ জন কৃষক মিলে কুশাহাটা, চর পালন্দ ও আখপালন্দ চরের ৬০ বিঘা জমিতে বাদাম, ৫০ বিঘা জমিতে তিল, ৬৫ বিঘা জমিতে আউশ ধান ও ৪০ বিঘা জমিতে কাউন রোপণ করেছিলেন। কিন্তু অপরিপক্ব হওয়ার আগেই এসব ফসল তলিয়ে যাওয়ায় তাঁরা তা তুলে আনতে বাধ্য হচ্ছেন।কৃষকেরা জানান, ১৫ বছর আগে এসব এলাকায় তাঁদের বসতি ছিল। নদীভাঙনে বসতি বিলীন হওয়ার পর গত বছর এই চরগুলো জেগে ওঠায় তাঁরা আশাবাদী হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ অস্বাভাবিক পানি বেড়ে যাওয়ায় এবার তাঁরা অনেক ক্ষতির মুখে পড়লেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মুঞ্জুর রহমান বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৮০ হেক্টর জমির আউশ, তিল, পাট ও বোরো ধান তলিয়ে গেছে। এ ছাড়া প্রায় ৫০ হেক্টর জমির বাদামখেতও তলিয়ে গেছে।