তলিয়ে গেছে পাঁচ হাজার একরের বোরো ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে আসা কালনী ও কুশিয়ারা নদীর পানির তোড়ে কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বেশ কয়েকটি বাঁধ ভেঙে হাওরের বোরো জমিতে পানি ঢুকে পড়ছে। এতে ইটনা ও মিঠামইন উপজেলার পাঁচ হাজার একর জমির পাকা ধান তলিয়ে গেছে। পানি ঢোকার কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় পাকা ধান গোলায় তোলা যাচ্ছে না।কৃষি বিভাগ ও হাওরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জের হাওরে এবার সময়মতো ধান পেকেছে। বৈশাখের প্রথম সপ্তাহ থেকে ধান কাটা শুরু হয়। এখন পুরোদমে ধান কাটা চলছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত ইটনার উয়ারা, শালনা, কৈশোরের বাঁধ, বৈরাটী, কাটখালসহ ১০টি ছোট-বড় বাঁধ ভেঙে পাঁচ হাজার একর বোরো জমির ধান তলিয়ে গেছে। কুশিয়ারা ও কালনী নদীর পানির চাপে বাঁধগুলোতে কার্যত প্রথমে ফাটল দেখা দেয়। সর্বশেষ বৈরাটী ইউনিয়নের কলকলিয়া বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। বাঁধ ভেঙে যাওয়ার খবর স্থানীয় মসজিদের মাইকযোগে জানার পর গ্রামবাসী নিজেদের উদ্যোগে রক্ষার চেষ্টা করে ব্যর্থ হন। কয়েক ঘণ্টার ব্যবধানে কলকলিয়ার হাওর প্লাবিত হয়ে যায়। বাঁধ রক্ষা সংগ্রামে ব্যর্থ হওয়ার পর শুরু হয় ফসল রক্ষার সংগ্রাম। পুরুষের পাশাপাশি নারী, বৃদ্ধ ও শিশুরা ফসল রক্ষার কাজে অংশ নেয়। বৈরাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বলেন, কলকলিয়া হাওরে জমির পরিমাণ আড়াই হাজার একর। পানির ঢোকার আগে ৩০ ভাগ ধান কাটা শেষ হয়। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ধান কাটতে পারলে আমার ২৫ একর জমি থেকে দুই হাজার মণ ধান পেতাম। এখন সব মিলিয়ে ৭০০ মণের বেশি ধান পাব বলে মনে হয় না।’ ওই হাওরের আরেক কৃষক সুলতান মিয়া (৫৫) বলেন, ‘এবার ফলন ভালা হইছে, কিন্তু দাম কম। তার পরও ফলন ভালা হইবার কারণে ক্ষতির সম্ভাবনা আছিল না। এহন সর্বনাশ করছে বাঁধ ভাইঙ্গা যাইয়া।’ কয়েক বছর পর সামান্য পানির তোড়ে বাঁধ ভেঙে ফসলহানির ঘটনা ঘটার বিষয়ে কৃষকের অভিযোগ হলো, মৌসুম শুরুর পর জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বাঁধ সংস্কারের জন্য জরুরি অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু দলীয় নিযুক্ত ঠিকাদারেরা দায়সারা কাজ করেছেন। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।অপরদিকে বৃহস্পতিবার রাতে একই উপজেলার কাটখাল ইউনিয়নের চরকাটখাল হাওরের বাঁধ ভেঙে ফসল তালিয়ে গেছে। ওই হাওরে এবার ৮০০ একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। পানি ঢোকার আগে ওই হাওরের ৫০ শতাংশ ধান কাটা হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান মিয়া (৬০) বলেন, ‘বাঁধ ভাঙ্গার কারণে একলগে সবাই ধান কাটতে হাওরে নামছে। কামলা নাই। নৌকা নাই। পাড়ে রাখলে চুরে নিয়া যায়। ফলে কষ্ট কইরা ধান কাটলে বাড়িতে নেবার জু নাই।’কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দিন আহমেদ বলেন, ‘মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার সব হাওরের বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হাওর রক্ষা করতে হলে বাঁধ রক্ষা করতে হবে। জেনেছি, সরকার ৭১৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হয়তো হাওরবাসীকে ফসল রক্ষা নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না।’মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, হাওরের ধান পেকে গেছে। বেশির ভাগ ধান কাটাও হয়ে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফসল কেটে ফেলতে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার সাহা দাবি করেন, মিঠামইন ও ইটনার বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকলেও ফসলের খুব বেশি ক্ষতি হয়নি।