তলিয়ে গেছে ফসলের খেত, বিদ্যালয়ে ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর রোপা আউশ ধানের খেত। শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ায় কুলাউড়া ও জুড়ীতে ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।জানা গেছে, সাত-আট দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া পৌরসভার পাঁচটি ওয়ার্ড, ভূকশিমইল ইউনিয়নের ২০টি, কাদিপুরে ১৪ ও ব্রাহ্মণবাজারের পাঁচটি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। কাদিপুর, ভূকশিমইল ইউনিয়ন ও উপজেলা সদরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই শ দুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের ১০টি, পশ্চিম জুড়ীর চারটি এবং বড়লেখার সুজানগর ইউনিয়নে ১০টি, তালিমপুরে আটটি ও দাসেরবাজারের ১০টি গ্রাম তলিয়ে গেছে। পশ্চিম জুড়ী ও জায়ফরনগরে তিনটি আশ্রয়কেন্দ্রে উঠেছে ১০০টি পরিবার। জুড়ীর সোনাপুর ও শাহপুর গ্রামে হাকালুকি হাওরের ঢেউয়ে প্রায় ৫০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। হাফিজি বড়ডহর এলাকায় জুড়ী-ফুলতলা সড়কের প্রায় ২০০ মিটার জায়গা তলিয়ে যাওয়ায় ফুলতলা ও সাগরনাল ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুলাউড়ায় দেড় হাজার, জুড়ীতে ১৫০ এবং বড়লেখায় ৩০০ হেক্টর রোপা আউশের খেত ও বীজতলা তলিয়ে গেছে।প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুলাউড়ায় ১২টি ও জুড়ীতে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তলিয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নূরুল হক গতকাল শুক্রবার জানান, বন্যাদুর্গতদের জন্য জেলা প্রশাসনের কাছে নগদ টাকা, চাল, ডাল ও টিন চাওয়া হয়েছে। তবে এখনো পাওয়া যায়নি।কমলগঞ্জে ধলাই ও লাঘাটা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল, মাধবপুর ইউনিয়নের শিমুলতলা, শুকুরউল্যারগাঁও, ধলাইপার, কমলগঞ্জ পৌরসভার উজিরপুর ও মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢলের পানি ঢুকে রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বরাদ্দের কাজ চলছে।’সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের সড়ক, ফেঞ্চুগঞ্চ মধ্যবাজার, ইন্তাজ আলী মার্কেট, পোস্টঅফিস সড়ক ও হাসপাতাল সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া উপজেলার ভেলকোনা, সারিকান্দি, গয়াসী, পিঠাইটিকর গুচ্ছগ্রাম, সুলতানপুর, উজান গঙ্গাপুর, নারায়ণপুর, দনারাম ও রোকনপুর গ্রামের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্র না খোলায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার লোকজন। তবে ইউএনও শেখ হামিম হাসান জানিয়েছেন, আশ্রয়কেন্দ্র হিসেবে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।