অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জ, সিলেট ও কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে পানি ঢুকেছে। এতে অন্তত সাড়ে ১৬ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, বাঁধের কাজে অনিয়ম, গাফিলতি এবং নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় এখন তাঁরা আধাপাকা ধান হারাতে বসেছেন।
গত দুই দিনে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের প্রায় ১১ হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। গতকাল শনিবার সকালে ফসল রক্ষা বাঁধ ভেঙে দিরাই উপজেলার বরাম হাওর ও চাপতির হাওরে ঢলের পানি ঢোকে। বাঁধের ভাঙা অংশ মেরামতের জন্য স্থানীয় কৃষকেরা দিনভর চেষ্টা করেন। বেশ কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেন, বরাম হাওরের কাদিরপুর গ্রামের পাশের তুফানখালি এলাকার বাঁধটি গতকাল ভোরে ভেঙে যায়। সকালে কয়েক শ কৃষক বাঁধে ছুটে যান। তারা বাঁশ, চাটাই দিয়ে বস্তা ভর্তি মাটি ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। একইভাবে চাপতির হাওরের বৈশারপাড় এলাকার বাঁধটিও ভেঙে হাওরে পানি ঢোকে।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা রণধীর ভূষণ চৌধুরী বলেন, এই দুই হাওরে ৭ হাজার ৯০০ হেক্টর জমি আছে। এর প্রায় অর্ধেক ধানগাছ তলিয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের শ্যালিকা ও ডুমখালী এলাকার বাঁধ ভেঙে গতকাল হাওরে পানি ঢুকেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের পশ্চিম পাড়ের হরিমনের ভাঙা এলাকার বাঁধ উপচে গত শুক্রবার রাতে হাওরে পানি ঢুকে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া সুলতানা। গতকাল তিনি বলেন, ‘ফসল রক্ষা বাঁধের কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আমরা শুধু তদারকি করি। জানুয়ারি থেকেই ঠিকাদার ও পিআইসিদের কাজ করার জন্য চাপ দিয়েছি। কিন্তু তারা ঠিকমতো কাজ করেনি।’
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, তাঁর উপজেলায় বৃষ্টির পানিতে প্রায় এক হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।
ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাতারিয়া-পাথারিয়া ফসল রক্ষা বাঁধটি গত শুক্রবার গভীর রাতে ভেঙে গেছে। এতে সাতারিয়া ও পাথারিয়া হাওরে পানি ঢুকে ৮০৫ একর বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ডুবাইল ফসল রক্ষা বাঁধটি ভেঙে গতকাল বিকেল চারটা পর্যন্ত সাতটি হাওরের ১ হাজার ৭২৯ একর বোরো জমির ফসল তলিয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহেদুল হক বলেন, এবার জেলায় ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বাঁধ ভেঙে প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে এরপর থেকে যেসব হাওরে পানি প্রবেশ করছে সেগুলোর হিসাব তখনো তাঁর কাছে আসেনি।
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, ‘আমাদের লোকজন কাজ করছে না, এই অভিযোগ ঠিক নয়। আমরা বাঁধ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জেলা প্রশাসক মো. শেখ রফিকুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের প্রায় সব হাওরের ফসলই ঝুঁকির মুখে পড়েছে।’
সুনামগঞ্জে এবার ৪২টি হাওরে ৫৮ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নতুন করে বাঁধ নির্মাণের কাজ করছে করছে পাউবো। কাজের সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এখনো অনেক জায়গায় কাজ শেষ হয়নি।
এদিকে সিলেটের চার উপজেলায় অন্তত ৫ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও নদ-নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার হাওরের বোরো ফসল তলিয়ে যায়। গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রুস্তমপুর, পূর্ব জাফলং, লেঙ্গুড়ী, আলীরগাঁও, নন্দিরগাঁও, তোয়াকুল ও ডৌবাড়ী এলাকার বোরো জমির অধিকাংশ পানিতে তলিয়ে গেছে।
জকিগঞ্জে ভারতের বরাক নদ দিয়ে পানি সুরমা ও কুশিয়ারা নদীতে প্রবেশ করায় হাওর রক্ষা বাঁধ উপচে বোরো ফসল তলিয়ে গেছে।
এদিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার কয়েকটি এলাকায় অন্তত ৪৫০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। হুমকিতে রয়েছে আরও ৮ হাজার একর জমির ফসল।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ অফিস এবং ধরমপাশা ও কিশোরগঞ্জ প্রতিনিধি}