তলিয়ে গেছে বীজতলা ভেসে গেছে ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণে বরগুনায় ৩০ হাজার হেক্টর আমনের বীজতলা তলিয়ে গেছে। খুলনায় ভেসে গেছে চিংড়ি। যশোরের কেশবপুরে ২০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের তিন দিন ধরে টানা বর্ষণ ও ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে আমনের খেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী, জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর আমনের বীজতলা পানিতে নিমজ্জিত আছে। কৃষকদের হিসাব বলছে, নিমজ্জিত বীজতলার পরিমাণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। এ ছাড়া শতাধিক মাছের ঘের ভেসে গেছে বলে জেলা মৎস্য ঘের মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে।আমতলীর গাবতলী গ্রামের কৃষক আ. মন্নান বয়াতি গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, ‘আগে দুইবার আমনের বীজতলা করছি। কিন্তু জোয়ারের নুন পানিতে হেইয়্যা পইচ্চা গ্যাছে। এইবার ধার-দেনা কইর‌্যা আবার বীজ কিইন্না বীজতলা করছি। এহন যে অবস্থা, এইবারও সব পইচ্চা যাইবে। মনে অয়, এইবার সব জাগা খিল (অনাবাদি) রাহন লাগবে।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর গত সোমবার জানান, বরগুনায় মোট ৯৩ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের প্রস্তুতি চলছে। এর মধ্যে ৩০ হাজার ছয় হেক্টর আমনের বীজতলা, উফশী আউশ আট হাজার ৭৪৯ হেক্টর, উফশী আমন ৯৪১ হেক্টর এবং শাকসবজির ৫২০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। প্রবল বর্ষণ আরও দু-তিন দিন অব্যাহত থাকলে এসব বীজতলা ও খেতে পচন ধরতে পারে।বরগুনা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ আহম্মেদ গতকাল দুপুরে জানান, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। আরও কমপক্ষে দুই দিন ভারী বর্ষণ হতে পারে।খুলনা: চার দিনের অবিরাম বর্ষণে নয় উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। নষ্ট হয়ে যাচ্ছে সবজির খেত। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আযাদ বলেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেঘমালার সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত বেড়েছে। গত চার দিনে খুলনায় বৃষ্টিপাত হয়েছে ২৪৩ মিলিমিটার।জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার বলেন, ‘জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ঘের তলিয়ে যাওয়ার সংবাদ পাচ্ছি। অতিবৃষ্টিতে চিংড়ির ক্ষতি হয়। কারণ চিংড়ি আবহাওয়ার হঠাৎ পরিবর্তন সহ্য করতে পারে না।’কেশবপুর (যশোর): উপজেলায় গত তিন দিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চারটি ইউনিয়নের বিল এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে প্রায় আট হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়ে সাত হাজার ২৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার ৩৯৫ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদ মাস্টার জানান, জলাধার প্রকল্পের বাঁধ ধসে কাকবাধাল, কানাইডাঙ্গা, গিরীধরনগর, আড়ুয়া ও কালীচরণপুর গ্রামে পানি ঢুকে পড়েছে। এ এলাকার শতাধিক বাড়িতে পানি উঠে গেছে। সাগরদাঁড়ি ইউপির কোমরপোল এলাকার ইউপি সদস্য সুভাষ দেবনাথ জানান, কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাগরদাঁড়ি দায়পাড়া এলাকার ১০০ ফুট এলাকা ধসে গেছে। এলাকাবাসী বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬০০ ঘের ভেসে গিয়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। রেজাকাঠি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে পানি ঢোকায় স্কুল দুটি বন্ধ হয়ে গেছে। কেশবপুর সাগরদাঁড়ি ও ত্রিমোহিনী সড়কের কয়েকটি স্থানে পানি উঠে যাওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে।উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, এখনো আশ্রয়কেন্দ্রে কেউ ওঠেনি। সরকারীভাবে কোনো সাহায্যও আসেনি।