তলিয়ে গেছে বোরো ফসল, এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুটি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে এবং কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে উপজেলার ২০টি হাওরের ৭ হাজার ১১৪ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
এলাকার কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও সুনামগঞ্জ পাউবোর কর্মকর্তাদের সীমাহীন গাফিলতির কারণে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ফসল রক্ষা বাঁধের আওতায় ডুবাইল হাওরের বাঁধ ভেঙে ৪৯৪ একর, মারারদারিয়া হাওরের বাঁধ ভেঙে ৭৪১ একর এবং গুরমা হাওরের ফসল রক্ষা বাঁধের আওতায় গুরমা বাঁধ ভেঙে গুরমা হাওরের ১ হাজার ৪৮২ একর, একই হাওরের পাশুয়া বাঁধ ভেঙে ৮৬৫ একর ও মধ্যনগর ইউনিয়নের স্থানীয় মেঘনার বাঁধ ভেঙে ৭৪ একর বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে গতকাল শুক্রবার সকাল নয়টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ছাড়া কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে এখানকার ১০টি ইউনিয়নের আরও ১৫টি হাওরের ৩ হাজার ৪৫৮ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, সময়মতো বাঁধের কাজ শেষ না করায় এই ফসলডুবির ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘নদীতে পানি অস্বাভাবিক হারে বাড়ছে। বৃষ্টিও হচ্ছে খুব বেশি। বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে বোরো ফসলডুবির ঘটনায় পাউবোর কেউ জড়িত নন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ও প্রবল স্রোতে দুটি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে বলে শুনেছি। হাওরের বোরো ফসল রক্ষায় আমরা চেষ্টা চালাচ্ছি।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারও গাফিলতির কারণে বাঁধ ভেঙে হাওরের বোরো ফসলডুবির ঘটনার প্রমাণ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে লোকজন দুর্ভোগে পড়ে। অনেক দোকানপাটের মালপত্র ভিজে নষ্ট হয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত ছিল। ফলে পাহাড়ি ঢলে বড়লেখা পৌর শহরের পানিধার, আইলাপুর, পুরুষেররামের চক, আদিত্যেরমহাল, মুছেগুল, মহুবন্দ, হাটবন্দ, পাখিয়ালা, বারইগ্রাম, তেলিগুল, সিংহগ্রাম, সোনাপুর, মাইজপাড়া, গাজিটেকা, উত্তর চৌমোহনা ও নাজিরের চক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকে পড়ে।
সরেজমিনে সকাল ১০টার দিকে দেখা গেছে, কাঁঠালতলি বাজারের সড়ক দেড়-দুই ফুট পানিতে তলিয়ে আছে।
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, পাহাড়ি ঢলে পৌরসভার আড়াই শ ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচ শতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।