তলিয়ে গেছে ১০০ একরের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখিরা নদীর পানি উপচে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ও কুমেদপুর ইউনিয়নে শতাধিক একর বোরো খেত প্লাবিত হয়েছে বলে ওই দুই ইউনিয়নের কৃষকেরা অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার বৃষ্টিপাতে আখিরা নদীতে পানি বাড়ায় বড়বিলা এলাকার কৃষকেরা বোরো খেত নষ্ট হওয়ার আশঙ্কায় ওই নদে নির্মিত নয়টি স্লুইসগেটই বন্ধ করে দেন। এতে নদের পানি বেড়ে উজানে থাকা মদনখালি ও কুমেদপুর দুই ইউনিয়নের আট গ্রামের কৃষকের বোরো খেত পানিতে তলিয়ে যায়।
খয়েরবাড়ি গ্রামের কৃষক আবদুল হান্নান (৩৫) ও বগেরবাড়ি গ্রামের পলাশসহ (৩৬) অন্তত ১০ জন কৃষক অভিযোগ করেন, স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় উজানে নদের পানি উপচে শতাধিক একর বোরো খেত তলিয়ে গেছে। গেট খুলে না দিলে এসব বোরো খেত পানিতে নষ্ট হয়ে যাবে।
মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক এবং কুমেদপুর ইউপি চেয়ারম্যান মোশফাক হোসেন চৌধুরী বলেন, বড়বিলা এলাকায় স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় উজানে নদের পানি উপচে কয়েকটি গ্রামের বোরো খেত তলিয়ে গেছে। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগেরবাড়ি গ্রামের পলাশ (৩৬) ও বেলাল হোসেনের (৪০) পাঁচ একর, বারুদহ গ্রামের মনোয়ার (৪৫) ও সাজেদুল ইসলামের (৪৬) আড়াই একর, হাসারপাড়া গ্রামের তালিম উদ্দিন (৪২) ও আবদুর রাজ্জাকের (৪৮) চার একর বোরো খেত পানিতে তলিয়ে গেছে। এতে বোরো খেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা অতিসত্বর স্লুইসগেটগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু ভাটি এলাকার কৃষকেরা ওই গেট খুলে না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, গেটগুলো খুলে দেওয়া হলে ভাটি এলাকায় কয়েক হাজার একর বোরো খেত তলিয়ে যাবে।
ভাটি এলাকার গাড়াবেড় গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, ‘ওই গেট খুলে দেওয়া হলে আমাদের বোরো খেত তলিয়ে যাবে। তাই কোনোভাবেই আমরা গেট খুলতে দেব না।’
গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ বলেন, ‘কৃষকদের অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি স্লুইসগেট খুলে দিই। পরে ভাটি এলাকার কৃষকেরা আবার গেট দুটি বন্ধ করে দিয়েছেন বলে শুনেছি। মূলত ওই স্লুইসগেট খুলে দেওয়ার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। কিন্তু তাঁদের সঙ্গে কথা বলে আশানুরূপ সাড়া পাইনি।’ পাউবোর পক্ষ থেকে বলা হয়েছে, ভাটি এলাকার কৃষকদের স্বার্থেই ওই স্লুইসগেট করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ বলেন, শতাধিক একর নয়, স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় উজানের কৃষকের কিছু বোরো খেত পানিতে তলিয়ে গেছে। এখন এই গেট খুলে দেওয়া হলে ভাটি এলাকার কৃষকের বোরো খেত তলিয়ে যাবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ‘ভাটিতে বিল রক্ষার জন্যই ওই স্লুইসগেটগুলো করা হয়েছে। এখন গেট খুলে দেওয়া হলে বিলের হাজার হাজার একর বোরো খেত পানিতে তলিয়ে যাবে। উজানের কৃষকেরা অবৈধভাবে নদে ও নদের ধারে বোরো লাগিয়েছেন। এখন তাঁরা গেট খুলে দেওয়ায় চিল্লাচিল্লি করছেন। তাঁদের অন্যায় দাবি পূরণ করা সম্ভব না।’