তলিয়ে গেছে ১৫ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার। স্থানীয় লোকজন বাজারের ভেতরে চলাচল করছে নৌকায়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার। স্থানীয় লোকজন বাজারের ভেতরে চলাচল করছে নৌকায়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালায় তিন ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৭ শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। দীঘিনালা-লংগদু সড়কের দুটি বেইলি সেতু ঢলের পানিতে ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ। পানিবন্দী মানুষের জন্য উপজেলার ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা বলেন, পাহাড়ি ঢলে ৭ শ পরিবারের বসতবাড়ি তলিয়ে গেছে। ডুবে গেছে শতাধিক পুকুর। পানিবন্দী শতাধিক মানুষ এখন উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম বলেন, উপজেলার ছয়টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, তেল, লবণ ও ১ কেজি আলু, ৫টি মোমবাতি সরবরাহ করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আরও ত্রাণ সহায়তা আসছে। এ জন্য তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

গতকাল সকালে উপজেলার ছোট মেরুং বাজার, সোবাহানপুর, হাজাছড়াসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বড় মেরুং ও ছোট মেরুং এলাকায় দুটি বেইলি সেতু ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন বেইলি সেতু এলাকা পারাপার করছে নৌকায়। বড় মেরুং এলাকায় খাদ্যশস্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে।

ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে চিটাগাংপাড়া এলাকার ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। এখানে আশ্রয় নেওয়া মুজিবুর রহমান (৪৫), ফুলবানু (৫০) ও মনির হোসেন (৩৮) জানান, সোমবার সকাল থেকে প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ঢলে তাদের বাড়িঘর তলিয়ে গেছে। তারা কিছুসংখ্যক জিনিসপত্র নিয়ে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এখানে তারা গাদাগাদি করে ৩৭টি পরিবার থাকছে।

মেরুং ইউনিয়নের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা জানান, কেবল মেরুং ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু পরিবার ছোট মেরুং ও সোবাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

কবাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, কবাখালীর হেডম্যানপাড়া, আলী নগর, উত্তর কবাখালী শিবির ও রিজার্ভ ছড়া এলাকার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১০৮টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে। ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। তাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ১৭১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কায় কয়েক দিন ধরে উপজেলায় মাইকিং চলছে বলে জানান দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা।

নবকমল চাকমা বলেন, ইতিমধ্যে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৫টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্য পরিবারগুলো তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।