সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গতকাল রোববার সকালে বাঁধ ভেঙে ছয়টি হাওরের প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ফলে হাওরপাড়ের ৩০টি গ্রামের প্রায় দুই হাজার কৃষক নিঃস্ব হতে বসেছেন। কৃষকেরা অভিযোগ করেছেন, দায়সারাভাবে বাঁধ নির্মাণের কারণে আজ তাঁরা এ দুরবস্থার শিকার। সরেজমিনে গিয়ে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রামসিংহপুর গ্রামের কাছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গলগলিয়া বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে গলগলিয়া, নোয়াল, পানা, কাউজ্জারি, লামারগোল, বলাইচাতল হাওরের ধান তলিয়ে যায়। শুকনো মৌসুমে আকস্মিক বন্যায় হতবিহ্বল হয়ে পড়েছেন কৃষকেরা।তাহিরপুর কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর অকালবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই ঋণ নিয়ে হাওরগুলোতে এবার বোরো চাষ করেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) দায়সারাভাবে ওই হাওর রক্ষা বাঁধটি নির্মাণ করায় এই শুকনো মৌসুমে পানির সামান্য চাপেই সেটি ভেঙে গেছে। গলগলিয়া হাওরপাড়ের রামজীবনপুর গ্রামের কৃষক কাজল মিয়া বলেন, ‘গতবারের কান্দনই দূর অইছে না, আবার নতুন করে কাঁনছে আওরবাসী।’কৃষকেরা অভিযোগ করেছেন, বাঁধটির নির্মাণকাজে পাউবোর কোনো তদারকি ছিল না। দায়সারাভাবে বাঁধ নির্মাণের কারণে তাঁরা আজ নিঃস্ব হতে বসেছেন। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় ৩০টি গ্রামের প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জিনারিয়া হাওরের প্রায় এক হাজার একর জমির বোরো ধান। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, পাউবো ও পিআইসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে আজ হাওরের কৃষকেরা নিঃস্ব হতে বসেছেন। গলগলিয়া হাওর পিআইসির সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, নদীতে পানি বাড়ায় বাঁধটি ভেঙে গেছে। গলগলিয়া হাওর রক্ষা বাঁধের দায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, তিনি বাঁধটি সংস্কারে নির্বাহী প্রকৌশলীকে বাঁশ এবং বস্তা পাঠানোর জন্য বলেছিলেন। কিন্তু সেটি না পাঠানোয় বাঁধটি সংস্কার করা সম্ভব হয়নি। এদিকে বাঁধ ভাঙার খবর শুনে গতকাল তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। বেলা তিনটায় তাহিরপুরের শনির হাওরের আহাম্মকখালী বাঁধে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় তিনি বলেন, হাওরের বেড়িবাঁধ রক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরও হাওরের বাঁধ ভেঙে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।