তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: সুরঞ্জিত
বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
সুরঞ্জিত বলেন, বিএনপি একদিকে বলছে এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তারা আন্দোলনেরও হুমকি দিচ্ছে। কিন্তু তলে তলে ঠিকই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কারণ নির্বাচনের প্রস্তুতি না নিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
‘সংবিধান কোরআন বা বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে সমর্থন করে সুরঞ্জিত বলেন, ‘সংবিধান কোরআন বা বাইবেল নয় বলেই তো আমরা সংবিধান পরিবর্তন করেছি। দেশের উচ্চ আদালতও সংবিধান সংশোধনের জন্য রায় দিয়েছেন।’
বঙ্গবন্ধু একাডেমীর সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।