তল্লাশি করতে না দিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান রাব্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ব্যক্তি চেকপোস্ট (তল্লাশিচৌকি) দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে তল্লাশি করতে পারে। ওই ব্যক্তিকে আইন মেনে তল্লাশি করতে দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে তল্লাশি করতে চাইলে তিনি তল্লাশি করতে না দিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। যত দূর জানতে পেরেছি, ঘটনার সূত্রপাত হয়েছে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে। ব্যাংক কর্মকর্তা রাত প্রায় পৌনে ১২টার দিকে জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে পুলিশের চেকপোস্ট ছিল। পুলিশ তাঁকে তল্লাশি করতে চাইলে তিনি তল্লাশি করতে দিতে চাননি। কিন্তু নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি পুলিশের কাজে বাধা দেন, সেটা ফৌজদারি অপরাধ হয়। সেই অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু পুলিশ সব ক্ষেত্রে ক্ষমতা দেখায় না।’
শহীদুল হক বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তার উচিত ছিল, ওই ব্যক্তিকে থানায় নিয়ে বসিয়ে রাখা। এরপর তাঁর বাসা কোথায়, সেটা জেনে এবং তাঁর সম্পর্কে নিশ্চিত হয়ে তাঁকে সম্মানের সহিত বাসায় পৌঁছে দেওয়া। তিনি (পুলিশ কর্মকর্তা) এ কাজটি করেননি। আর তদন্ত যাতে নিরপেক্ষ হয় এবং তিনি যাতে কোনো ঝামেলা করতে না পারেন, এ কারণেই তাঁকে সাময়িক-ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্তে যা পাওয়া যাবে, তার ওপরই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আদালতে রিট হয়েছে, আদালত যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘পুলিশ জনগণের সেবক। আমরা শাসন করতে আসি নাই। আইন জনগণের স্বার্থে। আমরা আইন প্রয়োগ করে থাকি। কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে যদি প্রতিবন্ধকতা হয়, তবে সেখানে বল প্রয়োগের ক্ষমতাও আইনেই দেওয়া হয়েছে। আমরা বল প্রয়োগ করতে চাই না। আমরা মানুষকে সচেতন করে আইন প্রয়োগ করতে চাই।’
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশে স্থানীয় সাংসদ এনামুর রহমান, সাংসদ আসলামুল হক, সাংসদ এম এ মালেক, ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।