তল্লাশি করে ক্রেতাদের মার্কেটে ঢোকাতে বললেন কমিশনার
রাজধানীর সব কটি বিপণিবিতান ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনতে স্ব স্ব বিপণিবিতান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘প্রত্যেক মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। বড় মার্কেটগুলোর প্রবেশমুখে আর্চওয়ে লাগাতে হবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ক্রেতাদের মার্কেটে ঢোকাতে হবে। এ ক্ষেত্রে মার্কেটের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশও সহযোগিতা করবে।’
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক শেষে ডিএমপির কমিশনার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। পাশাপাশি রমজানে যানজট সহনীয় পর্যায়ে রাখতে এবং জনগণের মধ্যে ‘সেন্স অব সেফটি’ তৈরি করতে নানা পরিকল্পনার কথা জানান ডিএমপির কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, রমজান ও ঈদুল ফিতরে ঢাকা মহানগরীর জননিরাপত্তা, ট্রাফিক শৃঙ্খলা সমন্বয় করে যানজটকে সহনীয় পর্যায়ে আনা হবে। বাস টার্মিনালে বাসে যাত্রী ওঠানোর পর কোনো বাস টার্মিনালের সামনের সড়কে দাঁড়াতে পারবে না এবং রাজধানীতে এই সময়ে লক্কড়ঝক্কড় কোনো বাস চলতে দেওয়া হবে না।
ঈদের আগে বিভিন্ন মার্কেটের সামনে অহেতুক যানজট হয়, উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, মার্কেটের সামনে যেখানে-সেখানে গাড়ি পার্ক করা যাবে না। প্রয়োজনে সড়কের এক সারিতে গাড়ি পার্ক করতে হবে। এ জন্য কিছু সড়ক সিটি করপোরেশন বরাদ্দ দিয়েছে।
রমজানে নিরাপত্তা সম্পর্কে ডিএমপির কমিশনার বলেন, রমজান ও ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, রেলস্টেশন ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস টার্মিনাল ও রেলস্টেশনে যাতে কোনো ধরনের ছিনতাই, চুরি, অজ্ঞান পার্টি-মলম পার্টি কোনো প্রভাব বিস্তার না করতে পারে, সে জন্য সাদাপোশাকে পুলিশের পাশাপাশি, পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করবে।
ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার চাঁদাবাজির বিরুদ্ধে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অবস্থান ব্যাখ্যা করেন। পাশাপাশি বিভিন্ন দাবি আদায়ে সড়ক অবরোধের তীব্র সমালোচনা করেন।
এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, সংঘবদ্ধ চাঁদাবাজির অস্তিত্ব ঢাকা মহানগরীতে নেই। কেউ যদি চাঁদাবাজি, ভূমি, ফ্ল্যাট, বাড়ি দখলের চেষ্টা করে, তবে তার পরিচিতি যা-ই হোক, কঠোর হাতে তাকে দমন করা হবে। ফুটপাত উচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। পুরোপুরি ফুটপাত উচ্ছেদ করা মুখে বলা যাবে। বাস্তবতার নিরিখে এটি কঠিন। তবে এটা কঠোরভাবের নিয়ন্ত্রণ করা হবে।
দাবি আদায়ে সড়ক অবরোধের সমালোচনা করে ডিএমপির কমিশনার বলেন, কিছু হলেই রাস্তা অবরোধ করে ভাঙচুর করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষের দুর্ভোগের সৃষ্টি করার মতো বেআইনি কার্যকলাপ দাবি আদায়ের ভাষা হতে পারে না।