তল্লাশি না করায় বিজিবি সদস্যকে প্রত্যাহার
তল্লাশি ছাড়াই ভারত থেকে ফেরা বাংলাদেশি এক নারীকে তল্লাশিচৌকি (চেকপোস্ট) থেকে বেরিয়ে যেতে সহায়তা করায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের ফকরুল (৩২) নামের এক সদস্যকে যশোরের বেনাপোল থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ২৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে তাঁকে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ভারতীয় ৭৭টি শাড়িসহ সাথী আক্তার নামের ওই নারীকে আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও বিজিবি সূত্র জানায়, বেলা একটার দিকে সাথী আক্তার দেশে ফেরার জন্য তল্লাশিচৌকিতে আসেন। এ সময় বিজিবি সদস্য ফকরুল ওই নারীকে আত্মীয় পরিচয় দেন। এরপর তল্লাশির সুযোগ না দিয়ে চৌকি থেকে সোহাগ পরিবহন কাউন্টারে নিয়ে যান তাঁকে। ওই নারীর কাছে চারটি ব্যাগ ছিল। এনএসআইয়ের সদস্যদের সন্দেহ হলে তাঁরা ওই নারীর পিছু নেন। পরিবহন কাউন্টারে গিয়ে ব্যাগে কী আছে, জানতে চাইলে ফকরুল সংস্থার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে কর্মকর্তারা কাউন্টারে গিয়ে তাঁদের ক্যাম্পে নিয়ে যান।