তল্লাশিকালে দুর্ঘটনা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঈশ্বরদী মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তল্লাশি চালানোর সময় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর গ্রামের আবুল কালাম (৩৫), একই গ্রামের সিদ্দিক হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও মনির হোসেনের স্ত্রী ডলি খাতুন (২৮)।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা হলেন পাবনা শহরের গোবিন্দা মহল্লার রিয়া খাতুন (১৩) ও ঈশ্বরদী উপজেলা সদরের আবদুল বারেক (৫০)।
প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি জানান, সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল। বাসের পেছনে একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। এ সময় সোনার বাংলা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন বাসটিকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। বাসটি আচমকা থামতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান।
ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তল্লাশির নামে সড়কের একটি ঝুঁকিপূর্ণ মোড়ে যানবাহন থামাচ্ছিল। এর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ঘটনার পর অধিদপ্তরের লোকেরা আহত ব্যক্তিদের উদ্ধার না করে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান।
এ প্রসঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক কবির উদ্দিন আহম্মেদ বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দুর্ঘটনার কিছুক্ষণ আগে অনিক পরিবহনের একটি বাসে ৯০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আরও মাদক পাচার হচ্ছে—এ খবর পেয়েই সোনার বাংলা পরিবহনের বাসটিকে থামানোর সংকেত দেওয়া হয়েছিল। তখন দুঃখজনকভাবে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনরোষে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, খবর পেয়ে র্যা ব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন ও বিক্ষোভকারীদের শান্ত করেন। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীকে খুঁজে পাওয়া যায়নি।