তল্লাশিচৌকিতে না থামায় গুলি
বগুড়ায় তল্লাশিচৌকিতে পুলিশের থামার সংকেত অম্যান্য করায় গুলিতে এক মোটরসাইকেলচালক আহত হয়েছেন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার শিয়া মসজিদে হামলার পর বগুড়াজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ। গতকাল বিকেল পৌনে চারটার দিকে বগুড়ার শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম বাজার এলাকায় এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয় পুলিশ। তিনি না থামায় পুলিশ গুলি চালায়। ওই যুবকের নাম আকতারুজ্জামান রুবেল (৩৫)। তাঁর ডান কাঁধে শটগানের গুলি লেগেছে। পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে আকতারুজ্জামানের ছোট ভাই আতাউর রহমান বলেন, তাঁর ভাই গ্রাম্য পশু চিকিৎসক। ভয় পেয়েই সম্ভবত তিনি এভাবে পালাতে চেয়েছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ ওই যুবকের নামে থানায় কোনো মামলা নেই। তবে কেন পালাতে চেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।’