তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় মুঠোফোন নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত না থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আর মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা একটানা ১২ থেকে ১৬ ঘণ্টা দায়িত্ব পালনের বিষয়টি আইজিপির নজরে এনে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
রাজারবাগ পুলিশ লাইনস মাঠে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি জেলার মাঠপর্যায়ের সহস্রাধিক পুলিশ সদস্যের সঙ্গে আইজিপির মতবিনিময় সভা (ব্রিফিং প্যারেড) হয়। সভায় কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর গাবতলী ও আশুলিয়ায় তল্লাশিচৌকিতে পুলিশের দুই সদস্য হামলায় নিহত হওয়ার পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়।
শুরুতেই আইজিপি সবাইকে খোলামনে তাঁদের কথা তুলে ধরতে বলেন। এরপর বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যা ও কর্তব্য পালনের বাধাগুলো তুলে ধরেন।