তল্লাশিচৌকির নিরাপত্তা প্রশ্নের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএসআই ইব্রাহিম হত্যা
এএসআই ইব্রাহিম হত্যা

সাভারের আমিনবাজার সেতু পার হয়ে ঢাকায় (গাবতলী) ঢুকতেই হাতের বাঁয়ে রাস্তার ওপর কতগুলো প্লাস্টিকের কোণ রাখা। পাশেই ফুটপাতের ওপর ঢেউটিন দিয়ে বানানো যাত্রীছাউনির নিচে মোটরসাইকেল ও বেঞ্চে বসে আছেন পুলিশের কয়েকজন সদস্য। এটিই রাজধানীর অন্যতম প্রবেশপথে পুলিশের একটি গুরুত্বপূর্ণ তল্লাশিচৌকির দৃশ্য। এই চৌকিতেই গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজনদের তল্লাশির সময় ছুরিকাঘাতে খুন হন দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম হোসেন মোল্লা।
তল্লাশিচৌকিতে কর্মরত পুলিশ সদস্যদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে। সংখ্যায় তাঁরা থাকেন কয়েকজন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তার এভাবে ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনায় তল্লাশি করার সময় বিদ্যমান নির্দেশনা মানা, তল্লাশির কৌশল ও চৌকিগুলোর নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, চৌকিতে দায়িত্ব পালনের সময় বেশির ভাগ পুলিশ সদস্যই ঢিলেঢালাভাবে থাকেন। বেশির ভাগ সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয় না।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, মহানগ​েরর ৪৯টি থানায় প্রতিদিন গড়ে প্রায় ২০০ তল্লাশিচৌকি বসানো হয়। বিশেষ রাজনৈতিক পরিস্থিতি বা বাড়তি নিরাপত্তার প্রস্তুতিতে এ সংখ্যা আরও বাড়ানো হয়। গুলশান-বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কিছু স্থায়ী তল্লাশিচৌকি আছে। বাকি ক্ষেত্রে রাস্তার ওপর প্লাস্টিকের কোণ, সাইনবোর্ড বা ব্যারিকেড বসিয়েই তল্লাশি কার্যক্রম চালানো হয়। বিশেষ কোনো উপকরণ থাকে না। বেশির ভাগ ক্ষেত্রে হাত তুলে সংকেত দিয়ে যানবাহন থামানো হয়। একসময় ‘ই-চেকপোস্ট’ নামে তল্লাশিচৌকিতে ব্যবহারের জন্য কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল। খুব দ্রুতই সেগুলো নষ্ট হয়ে গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এএসআই ইব্রাহিম হত্যার পরদিন শুক্রবার দুপুর ১২টার দিকে গাবতলীর সেই তল্লাশিচৌকিতে গিয়ে দেখা গেল, দারুসসালাম থানার এসআই নওশের, এএসআই রহিজুলসহ পুলিশের পাঁচজন সদস্য যাত্রীছাউনির নিচে রাখা মোটরসাইকেল ও বেঞ্চে বসে আছেন। মাত্র ১৫ ঘণ্টা আগে এখানেই তাঁদের একজন সহকর্মী প্রাণ দিলেও তল্লাশিচৌকিটির ঢিলেঢালাভাবে থেকেই গেছে। তবে এসআই ও এএসআইয়ের কোমরে পিস্তল, অন্যদের কাঁধে বড় অস্ত্র ঝোলানো ছিল। দুজন পুলিশ সদস্য দিনের বেলায়ও প্রতিফলক পোশাক (রিফ্লেক্টর ভেস্ট) পরে ছিলেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, এখানে সারা বছর দারুসসালাম থানার পুলিশ চৌকি বসিয়ে লোকজনকে তল্লাশি করলেও তাদের কোনো বিশেষ উপকরণ নেই। একটি সিএনজি স্টেশন থেকে তুলে নিয়ে আসা প্লাস্টিকের কতগুলো কোণই তাদের চৌকির উপকরণ। মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে রাস্তার ওপর কাঁটাতারের প্রতিবন্ধকতা (ব্যারিকেড) ফেলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আগের রাতে এএসআই ইব্রাহিমকে ঠিক কোন জায়গায় ছুরি মেরে হত্যা করা হয়েছিল, জানতে চাইলে কর্তব্যরত কেউই জায়গাটি দেখিয়ে দিতে পারলেন না। এসআই নওশের ও এএসআই রহিজুল বললেন, বৃহস্পতিবার রাতে তাঁরা ওই জায়গায় কর্তব্যরত ছিলেন না, তাই তাঁরা জানেন না।

হত্যাকাণ্ডের পরদিন রাজারবাগ পুলিশ লাইনে এএসআই ইব্রাহিমের জানাজায় গিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেছিলেন, সন্দেহভাজনদের তল্লাশির যে নির্দেশনা মাঠ পর্যায়ের পুলিশকে দেওয়া হয়েছিল, তা মেনেই এএসআই ইব্রাহিম সাহসিকতার সঙ্গে কাজ করছিলেন। ওই সময়ই সন্দেহভাজনদের একজন তাঁকে ছুরিকাঘাত করে।

পুলিশ সুপার পদমর্যাদার দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সদস্যদের প্রশিক্ষণের সময়ই তল্লাশি চৌকি বা রণপাহারার কৌশল শেখানো হয়। নিয়মানুযায়ী যখন কাউকে তল্লাশির জন্য থামানো হয়, তখন তল্লাশিকারীর সামনে-পেছনে অন্য সদস্যদের পাহারা থাকতে হয়। তাদের এই সতর্ক অবস্থান সম্ভাব্য অপরাধীদের ওপর মানসিক চাপ তৈরি করে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, যাঁরা তল্লাশিতে নিয়োজিত থাকবেন, তাঁদের নিজেদের নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। কেউ যেন তাঁদের ওপর শক্তি প্রয়োগ করে চলে যেতে না পারে, সেই ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদ বা সন্ত্রাসবাদ উপদ্রুত এলাকায় তল্লাশির ক্ষেত্রে যিনি তল্লাশি করবেন, তাঁকে অন্যরা নিরাপত্তা (কাভার) দেবেন।

ই-চেকপোস্ট কোথায় গেল: ২০১২ সালের ১২ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে চোরাই গরুবাহী মিনিবাস আটকানোর জন্য রাস্তার ওপর সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ব্যারিকেড দেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। চোরের দল পালানোর জন্য ব্যারিকেড হিসেবে রাখা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে কর্তব্যরত এএসআই বেলায়েত হোসেনের ওপর পড়লে তিনি মারা যান। এ ঘটনার পর ওই বছরের ২০ জুলাই রাজধানীর রমনা এলাকায় পুলিশের ‘ই-চেকপোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক তৎকালীন হাসান মাহমুদ খন্দকার।

পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ইতালি থেকে অত্যাধুনিক ওই ই-চেকপোস্টের যন্ত্রপাতি আনা হয়েছে। যন্ত্রপাতির মধ্যে ছিল দূর থেকে সহজে দেখা যায় বিভিন্ন রঙের এমন কিছু বাতি, সেগুলো চালানোর জন্য বহনযোগ্য ছোট জেনারেটর ও গাড়ির চাকা ফুটো করে দেওয়ার জন্য শেকলের মতো কাঁটা। কোনো গাড়ি থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে রিমোট চাপামাত্রই শেকলের মতো রাস্তায় ফেলে রাখা যন্ত্রটির কাঁটাগুলো সোজা হয়ে গাড়ির চাকা ফুটো করে দেবে এটিই ছিল যন্ত্রটির বিশেষত্ব। রাজধানীর বিভিন্ন জায়গায় কয়েক দিন ই-চেকপোস্ট নিয়ে রাস্তায় নেমেওছিল পুলিশ। তবে এক বছরের মধ্যেই ই-চেকপোস্টের বেশির ভাগ যন্ত্র নষ্ট হয়ে যায়। চেকপোস্টের জন্য আনা বহনযোগ্য জেনারেটরটি থানায় ব্যবহার করা হয়।

তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের থানায় দেওয়া ই-চেকপোস্ট যন্ত্রগুলো সচল নেই। জেনারেটরটি কিছুদিন লোডশেডিংয়ের সময় থানায় ব্যবহার করা হয়েছে। এখন লোডশেডিংও নেই। তাই এর ব্যবহারও নেই।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, কিছু তল্লাশিচৌকিতে ব্যারিকেড থাকে। আর অস্থায়ী বা ভ্রাম্যমাণ তল্লাশিচৌকিগুলোতে হাতে সংকেত দিয়ে যানবাহন থামানো হয়। তল্লাশিচৌকির জন্য বিশেষ কোনো উপকরণ সরবরাহ করা হয় কি না, জানতে চাইলে উপকমিশনার বলেন, টর্চলাইট, সংকেত বাতি, বুলেটপ্রুফ ভেস্ট, রিফ্লেক্টর ভেস্ট (রাতে আলো পড়লে জ্বলজ্বল করে ওঠে এমন পোশাক) ইত্যাদির পাশাপাশি নিয়মিত অস্ত্র ও যোগাযোগযন্ত্র তো থাকেই।