তল্লাশিতে সময়ক্ষেপণ, পথেই মৃত্যু বৃদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন না পেয়ে গুরুতর অসুস্থ বৃদ্ধ মাবিয়া বেগমকে চিকিৎসার জন্য রিকশাভ্যানে করেই হাসপাতালে আনছিলেন স্বজনেরা। পথে তিনটি স্থানে পুলিশ ও যুবকদের তল্লাশির পর তাঁকে নিয়ে তাঁরা যখন জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পৌঁছালেন, ততক্ষণে তিনি চলে গেছেন সব চিকিৎসার ঊর্ধ্বে, না ফেরার দেশে।
মাবিয়া বেগমের স্বজনদের অভিযোগ, তল্লাশির নামে পুলিশ ও যুবকেরা অহেতুক অনেক সময়ক্ষেপণ করায় মাবিয়া হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সাভারের আমিনবাজার ও রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশির নামে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে পুলিশ ও লাঠিসোঁটা হাতে পাহারা বসানো যুবকদের বিরুদ্ধে।
মাবিয়া বেগমের ছেলে মোহাম্মদ আলী বলেন, রাজধানীর উপকণ্ঠ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের নয়াবাজারের নিজ বাড়িতে গতকাল সকাল আটটার দিকে তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নৌকায় করে তুরাগ সেতুর গাবতলী প্রান্তে নেওয়া হয়। সেখানে কোনো যানবাহন না পেয়ে সকাল নয়টার দিকে বহু কষ্টে একটি রিকশাভ্যান জোগাড় করে তাতে মাকে উঠিয়ে শেরেবাংলা নগরে হূদরোগ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তিনি অভিযোগ করেন, প্রথমে পুলিশ তাঁদের ভ্যানটি গাবতলী বাস টার্মিনালের উল্টো দিকে থামিয়ে তল্লাশি করে। এতে বেশ কিছুটা সময় নষ্ট হয়। এরপর মাজার রোডে লাঠিসোঁটা হাতে থাকা যুবকেরা ভ্যান আটকে তল্লাশি করেন। সর্বশেষ কল্যাণপুরে প্রায় ১৫ মিনিট তল্লাশি করেন লাঠিসোঁটা হাতে থাকা যুবকেরা। অনেক অনুনয় করার পর ভ্যানটি ছাড়া হয়। এভাবে সময়ক্ষেপণের পর সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা হূদরোগ হাসপাতালে পৌঁছান। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর মাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আলী বলেন, দারুস সালামে টেকনিক্যাল মোড়ে পৌঁছার পর ছটফট করতে করতে মা তাঁকে বাঁচানোর আকুতি জানান। কিন্তু তিনি পারলেন না। তিনি বলেন, যানবাহন পেলে এবং পথে পথে তল্লাশিতে সময় নষ্ট না হলে মাকে হয়তো বাঁচানো যেত।
রিকশাভ্যানটির চালক সেন্টু মিয়া প্রথম আলোকে বলেন, সর্বশেষ কল্যাণপুরে আটকে তল্লাশি চালানোর পর রোগীকে শুধু ভ্যানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভ্যানে থাকা অন্যদের হেঁটে যেতে বলা হয়। ফলে ভ্যানও দ্রুত চলতে পারেননি।
স্বজনেরা জানান, বিকেলে জানাজা শেষে মাবিয়া বেগমের লাশ কাউন্দিয়ার নিকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।
জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাতে বলেন, পুলিশ রোগী বহনকারী ভ্যানে তল্লাশি করেনি। তবে অন্য যানবাহনে তল্লাশির কারণে সৃষ্ট যানজটে হয়তো ভ্যানটি আটকে থেকে সময় নষ্ট হয়েছে। লাঠিসোঁটা হাতে যুবকদের তল্লাশির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।