তল্লাশির নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির নামে ট্রাক ও পিকআপ ভ্যানসহ সব ধরনের মালবাহী যানবাহন থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হচ্ছে। তল্লাশির নামে সড়কটির হাঁটুভাঙ্গা ডাকবাংলো এলাকা ও হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশ থেকে মালবাহী প্রতিটি যানবাহন থেকে কমপক্ষে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাঁদাবাজির কারণে মির্জাপুর-গোড়াই-সখীপুর সড়কে যানবাহন চলাচল কমে যাওয়ায় সেতুর টোল আদায় কমে যাচ্ছে বলে ঠিকাদাররা জানিয়েছেন।গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তল্লাশির নামে সড়কটিতে চলাচলকারী প্রত্যেক ট্রাক ও পিকআপ ভ্যান থামিয়ে সমিতির লোকজন চাঁদা তুলছেন।স্থানীয় লাভলু মিয়া, জিন্না মোল্লা ও নিশাতসহ কয়েকজন ব্যক্তি দিনে ও রাতে আলাদাভাবে দায়িত্ব ভাগ করে সমিতির নামে এ চাঁদা তুলছেন।সমিতির গোড়াই অঞ্চলের হাঁটুভাঙ্গা শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার চাঁদা আদায়ে দায়িত্ব পালনকারী জিন্না মোল্লা ও লাভলু মিয়া ট্রাক থামিয়ে চাঁদা নিচ্ছেন।সমিতির কক্ষের সামনে টেবিলের ওপর রাখা একটি চাঁদা তোলার রসিদ বইয়ে দেখা গেছে, কয়েকটি ট্রাক থেকে ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে। এই টাকার বিপরীতে চালকদের রসিদ ও ২০ টাকা মূল্যের জেলা ট্রাক মালিক সমিতির সিরিয়াল কুপন দেওয়া হয় বলে তাঁরা উল্লেখ করেন।ওই সড়কে চলাচলকারী পিকআপ ভ্যানচালক জিয়ারুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ওই সড়ক দিয়ে আসার সময় ডাকবাংলো এলাকায় তাঁর কাছে ১২০ টাকা চাঁদা দাবি করা হয়। প্রথমে অস্বীকৃতি জানালেও পরে ভয়ে তিনি টাকা দেন। শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার রোডের ডিম ব্যবসায়ী সোহেল মিয়া ওই সড়ক দিয়ে আসার সময় চাঁদা আদায়কারীরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাঁর পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করেন তাঁরা। সড়কটির হাঁটুভাঙ্গা সেতুর টোল আদায়ের ইজারাদার হালিম সিকদার ও সিদ্দিক মোল্লা বলেন, চাঁদাবাজির কারণে যানবাহন চলাচল কমে যাওয়ায় টোল আদায় একেবারেই কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে আগামী বছর এই সেতুর ইজারা কোনো ঠিকাদার নেবে না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বলেন, সিরিয়াল ছাড়া যেসব ট্রাক ও পিকআপ ভ্যান মালামাল বহন করে সেসব যানবাহন থেকে ২০ থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এ সময় রসিদ বইয়ে উল্লিখিত টাকার পরিমাণ বেশি কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন বলেন, এ সড়কটি মির্জাপুর থানা পুলিশের নিয়ন্ত্রণাধীন। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা ও পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।