নীলফামারীর সৈয়দপুরে পুলিশের পরিচয়ে এক রিকশাচালকের বাড়ি থেকে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশের এক কর্মকর্তাসহ দুজনকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে।গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ওই কর্মকর্তার নাম মোজাম্মেল হোসেন। তিনি সৈয়দপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি সৈয়দপুর শহরের গার্ডপাড়া এলাকার রবিউল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন গার্ডপাড়া এলাকার রিকশাচালক হেলাল উদ্দিনের বাড়িতে যান। তাঁরা পুলিশের পরিচয়ে তল্লাশির নামে ওই বাড়ির একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৭৫ হাজার টাকা নিয়ে আসেন। এ ঘটনায় হেলাল উদ্দিনের স্ত্রী লিলি বেগম রোববার থানায় মামলা করেন। এতে লিলি বেগম তাঁর আত্মীয় রবিউল ইসলাম, কথিত সাংবাদিক আকতার হোসেন জাকির ও এএসআই মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন।লিলি বেগম জানান, তাঁর স্বামী কিছুদিন আগে গ্রামের জমি বিক্রি করে ওই টাকা তাঁকে রাখতে দেন। এ খবর জানতেন তাঁর বোনের জামাই রবিউল ইসলাম।সৈয়দপুর থানা সূত্রে জানা গেছে, লিলি বেগমের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ রবিউলকে (৩৫) গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এএসআই মোজাম্মেল হোসেনকে তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম থেকে থানায় ডেকে পাঠান সৈয়দপুর সার্কেলের এএসপি শাহাদত হোসেন। থানায় হাজির হলে জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেন ওই এএসআই। এরপর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। ১৫ সেপ্টেম্বর ঘটনার দিন ওই এএসআই ছুটিতে ছিলেন।গতকাল সোমবার এএসআই মোজাম্মেল হোসেন ও রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। এ মামলার অপর আসামি কথিত সাংবাদিক জাকির পলাতক রয়েছেন। নীলফামারীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, অপরাধী পুলিশ হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। সাংবাদিক জাকিরকেও খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।