তল্লাশির প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তল্লাশি কার্যক্রমের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসান উল্লাহ হলের আবাসিক ছাত্ররা গত বুধবার রাতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা হলের প্রাধ্যক্ষ সরোয়ার জাহানের পদত্যাগ দাবি করেন।হল সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে থাকা ছাত্রদের শনাক্ত করতে কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালাচ্ছেন হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা। আবাসনসংকটের কারণে হল দুটিতে অনেক ছাত্র বিনা অনুমতিতে থাকছেন, যা কর্তৃপক্ষের ভাষায় অবৈধ। তল্লাশির সময় বিনা অনুমতিতে থাকা ওই সব ছাত্রকে হল থেকে বের করে দেওয়া, পরিচয়পত্র কেড়ে নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। এই উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বুধবার রাতে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন হলের শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের বাসভবনের দিকে যেতে চাইলে শিক্ষকেরা তাঁদের থামিয়ে দেন।শিক্ষার্থীরা জানান, সম্প্রতি খান বাহাদুর আহসান উল্লাহ হলে রাত ১০টার পর থেকে তিন-চার ঘণ্টা হলের ফটক বন্ধ রেখে এই তল্লাশি চালানো হয়। এ সময় চা খেতে বাইরে গেলেও হলে ঢুকতে দেওয়া হয় না। গত মঙ্গলবার রাতে তল্লাশি চালানোর সময় বেশ কয়েকজন ছাত্রের পরিচয়পত্র কেড়ে নিয়ে হল থেকে বের করে দেওয়া হয় এবং পরদিন তাঁদের ‘কেন হল অ্যাটাচমেন্ট বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানো চিঠিও দেওয়া হয়। এতে হলের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। খান বাহাদুর আহসান উল্লাহ হলের প্রাধ্যক্ষ সরোয়ার জাহান বলেন, ‘ছাত্ররা যেভাবে ব্যাখ্যা করেছে, ব্যাপারটা তা না। এমনিতে আমরা নতুন ছাত্রদের আসন দিতে পারছি না, তার ওপর অনেক ছাত্র হলের পাওনা পরিশোধ না করে অবৈধভাবে থাকছে। এ ছাড়া হলে আসন বরাদ্দ পাওয়া স্নাতকোত্তর শ্রেণীর অনেক ছাত্রই নিজেদের সিটে আরেকজনকে উঠিয়েছে। তাই তাদের নামে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।’